বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন অভিযোগ করেছেন, বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি ফিরিয়ে আনতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে বিএনপি জনগণের মন থেকে আরও দূরে সরে যাবে বলে তিনি মন্তব্য করেন। আজ শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ‘সোনতলা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পারসোনতলার সোনতলা গ্রামের করতোয়া নদীর পশ্চিম পাড়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগাযোগমন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপি প্রথমে সাধারণ মানুষ, পরে রেল বিভাগ এবং এখন আমাকে দায়ী করছে। কিন্তু যতই অপচেষ্টা করুক, সত্য ঘটনা প্রকাশ হবেই।’ মন্ত্রী জানান, ঈশ্বরদী-পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেলপথ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। অচিরেই এ কাজের উদ্বোধন হবে। তিনি উল্লাপাড়া-বাঘাবাড়ী বন্দর পর্যন্ত নতুন রেলপথ করারও ঘোষণা দেন। অনুষ্ঠানে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সোনতলা সেতুর দৈর্ঘ ৩৪৭.৩০ ও প্রস্থ ১০.২৫ মিটার। এর নির্মাণব্যয় ৪৪.৬২ কোটি টাকা। সেতুটির নির্মাণকাজ দুই বছরের মধ্যে শেষ হবে।