বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জামায়াতের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়ে সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করেছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জামায়াতের হরতাল কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয়। এটা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা ও তাদের মুক্তির দাবিতে ডাকা হরতাল। তাদের কর্মকাণ্ড অসাংবিধানিক ও সন্ত্রাসমূলক। এই হরতালে সমর্থন দিয়ে বিএনপি সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করেছে।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনারা জামায়াতের উপদেশে রাজনীতি করেন। জামায়াতের উপদেশ মেনে চলেন। তাদের উপদেশই আপনাদের মূলমন্ত্র। তাই আপনারা জামায়াতের আদর্শ মেনে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে হরতালে নৈতিক সমর্থন দিয়েছেন।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়ে জামায়াত আমাদের কাছে পরাজিত হয়েছে; আমরা তাদের হটিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এবার তাদের পরাজিত নয়, নির্মূল করতে হবে। এটাই হবে স্বাধীনতার মাসের মূল অঙ্গীকার। এ জন্য মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’ স্মৃতিচারণা করে তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদার গণতন্ত্রে বিশ্বাস করতেন। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।সংগঠনের উপদেষ্টা ও আবাহনী লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি রবীন্দ্র গোপ বক্তব্য দেন। বাসস।