বিএনপি সংসদে আসার ফাঁকফোকর খুঁজছে: চিফ হুইপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্যপদ রক্ষায় সংসদে আসার জন্য বিএনপি ‘ফাঁকফোকর’ খুঁজছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ। স্পিকারের দপ্তরের সামনে বিএনপির অবস্থান ধর্মঘট সম্পর্কে তিনি এ মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ মন্তব্য করেন।বিরোধীদলীয় সদস্যদের সমালোচনা করে চিফ হুইপ বলেন, ‘তাঁরা সদস্য হিসেবে সব সুযোগসুবিধা নেবেন; কমিটির বৈঠকে (মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি) আসবেন; শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছেন; বেতন-ভাতা নিচ্ছেন; কিন্তু উনারা সংসদের আসছেন না।’বিরোধী দল সংসদে না এসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আন্দোলন করছে অভিযোগ করে আবদুস শহীদ বলেন, বিরোধী দল সংসদে আসে না; বাইরে আন্দোলন করে; হরতাল ডাকে আর পুলিশ হত্যা করে; জোর করে স্পিকারের কার্যালয়ের সামনে লবি দখল করে নেয়; বিরোধী দলের চিফ হুইপের নেতৃত্বে সার্জেন্ট অ্যাট আর্মসের সঙ্গে দুর্ব্যবহার করে।বিরোধী দলের এ আচরণের নিন্দা জানিয়ে আবদুস শহীদ বলেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের আচরণ সভ্য সমাজের নজির হতে পারে না। তিনি বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান।চিফ হুইপ আরও জানান, এ পর্যন্ত নবম সংসদের ১৭৪ কার্যদিবসে বিরোধী দলের সদস্যরা সংসদে এসেছেন ৪৪ দিন, আর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এসেছেন মাত্র পাঁচ দিন।