বিএনপি সংসদে দাবি-দাওয়া তুলে ধরতে পারে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বিরোধী দল বিএনপিকে সংসদের এসে তাদের দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে শিশু একাডেমীতে শিশু সংগঠন খেলাঘরের ৫০০তম সাহিত্য আসরের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।স্পিকার বলেন, ‘আমি আশা করি, বিরোধী দলের যে ভূমিকা সেটা তারা পালন করবে। সংসদে আসা তাদের দায়িত্ব এবং তাদের যা বলা দরকার সেটা সংসদে এসে বললেই সবচেয়ে ভালো হয় বলে আমি মনে করি।’ তিনি বলেন, রাজপথে কথা না বলে সংসদের ভেতরে এসে দাবিগুলো তুলে ধরলে তা মেনে নেওয়া সহজ হবে। আবদুল হামিদ আরও বলেন, ‘সংসদের বাইরে কথা বললে আমার পক্ষে সে বিষয়ে কিছু করা কার্যপ্রণালী বিধির আওতার বাইরে থেকে যায়। কিন্তু সংসদের ভেতরে এসে সেসব দাবি তুলে ধরলে সেগুলো পূরণ করার চেষ্টা ও উদ্যোগ নিতে পারি। সরকার ও বিরোধী দলের বাইরের রাজনীতির যে ব্যাপার সেটা নিয়ে আমার কিছু করার ক্ষমতা নেই।’ প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশন ৪ জানুয়ারি সোমবার শুরু হচ্ছে। বিরোধী দলকে সংসদে আনতে স্পিকার গত সপ্তাহে সামনের সারিতে আরও একটি আসন দেওয়ার প্রস্তাব করেন। তবে বিএনপি ওই প্রস্তাব নাকচ করে বলেছে, তাদের সংসদে ফেরার জন্য সামনের সারিতে একটি আসন বাড়ানোই যথেষ্ট নয়।এ ব্যাপারে স্পিকার বলেন, ‘আমার প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব পাইনি। তবে গণমাধ্যমে তাদের বক্তব্য শুনেছি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম, সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী প্রমুখ।