বিএনপি সংসদে যেতে প্রস্তুত, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃ প্রবর্তনের বিল উত্থাপন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি জাতীয় সংসদের আগামী অধিবেশনে যোগ দেবে। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এ কথা বলেছেন।আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া ব্রিগেড নামে একটি সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ফারুক বলেন, ‘২০ অক্টোবর রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন। কিন্তু স্পিকার এখন পর্যন্ত বিরোধী দলকে ডাকেননি। আমরা সংসদে যেতে প্রস্তুত। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিল আনলে সংসদে যাওয়ার কথা বিবেচনা করবেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।’বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, মানুষ এখন সরকারবিরোধী আন্দোলনে শরিক হয়েছে। সরকারের নানা নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এ অবস্থায় বিরোধী দল সংসদে যাবে কি না, তা-ও বিবেচনার দাবি রাখে। তিনি বলেন, যে সংসদে দুর্নীতির কথা বলা যায় না, ফেলানির লাশের কথা বলা যায় না—সেই অকার্যকর সংসদে বিএনপি যেতে পারে না।জয়নাল আবদিন ফারুক মতিঝিলে অনশনরত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পুলিশ দিয়ে উচ্ছেদ করার তীব্র নিন্দা জানান।জিয়া ব্রিগেডের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে দলীয় সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ বক্তব্য দেন।