বিএনপি সব সময়ই ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘বিএনপি সব সময়ই ষড়যন্ত্র করে, এখনো প্রতিনিয়ত তাই করছে। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র বুঝে গেছে।’আজ বুধবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আর্মি (সেনাবাহিনী) কখনোই কলুষিত ছিল না। বিএনপিই তাদের কলুষিত করেছে। তারা সব সময়ই ইয়াজউদ্দিন আহম্মেদ ও আবদুর রহমান বিশ্বাসের মতো মানুষ আর আর্মির কিছু বিপথগামী লোক নিয়ে চক্রান্ত করে ক্ষমতায় আসতে চায়।’বিরোধী দলের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের আন্দোলনের ভয় দেখান? আমরা যখন আন্দোলন করেছি, তখন আপনাদের জন্মও হয়নি। আমরা বায়ান্নর ভাষা-আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি। আর বিএনপির তো জন্মই হয়েছে ৭৮ সালে।’তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমাদের নাকি পদত্যাগ করতে হবে। কিন্তু আমরা কেন পদত্যাগ করব? জনগণ আমাদের নির্বাচিত করেছে পাঁচ বছরের জন্য। এখনো তো তিন বছরও শেষ হয়নি। সংসদে অনাস্থা ভোট পাস হলে তবেই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠান হতে পারে। সংসদের বাইরে এসব বলে লাভ হবে না। পারলে সংসদে এসে অনাস্থা প্রস্তাব আনুন।’ তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। সংসদকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে অর্থ ও চক্রান্তে।’মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকেরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে ১৪ জন সাংবাদিক খুন হয়েছেন। এ ছাড়া ওই আমলে ৩৪৭ জন সাংবাদিক হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।