বিএনপি-সমর্থক আইনজীবীদের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি-সমর্থক আইনজীবীরা গতকাল মঙ্গলবার আদালত বর্জন, কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল এবং ভাঙচুর করেছেন।এদিকে গাড়ি ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে এই রিমান্ড শুনানিতে বিএনপি-সমর্থক আইনজীবীরা অংশ নেন।সকাল থেকে বেলা একটা পর্যন্ত বিএনপি-সমর্থক আইনজীবীরা কোনো বিচারকাজে অংশ নেননি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে বেলা ১১টার দিকে ঢাকার আদালত প্রাঙ্গণে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। তাঁদের সবার ছিল কালো ব্যাজ পরা। মিছিলটি মুখ্য মহানগর হাকিম আদালত, মহানগর বিচারিক হাকিম আদালত, মহানগর দায়রা জজ আদালত ও জেলা জজ আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহানগর দায়রা জজ আদালতে প্রবেশের চেষ্টা করে। মিছিলকারীরা বিচারকদের বিচারকাজ বন্ধ করার আহ্বান জানান। এ সময় মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কার্যালয়ের জালানার কাচ ভাঙচুর করা হয়। এই ভাঙচুরের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।ওই ভাঙচুরের পর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবুর নেতৃত্বে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা পাল্টা মিছিল করেন।খোকন রিমান্ডে: গত ১৯ এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি না নিয়ে মিছিল, গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় খায়রুল কবির খোকনকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।খায়রুলকে ১৭ মে বিএনপি আহূত হরতাল চলাকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন ওই দিন একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।রাষ্ট্রপক্ষে মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু আদালতকে বলেন, জামিন দেওয়া না-দেওয়া আদালতের এখতিয়ার। একটি মামলায় অভিযোগপত্র গ্রহণ এবং আসামিদের জামিন না দেওয়ার প্রতিবাদ করে তাঁরা আদালত বর্জন করেছেন। বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, বিচারকাজে বাধা সৃষ্টি করে আদালতকক্ষ ভাঙচুর করছেন।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা হইচই করে বলেন, এ মামলার কথা বলেন। অপ্রাসঙ্গিক কথা বলবেন না।বিচারক রাষ্ট্রপক্ষকে রিমান্ডের বিষয়ে বলতে বলেন। তখন আবদুল্লাহ আবু বলেন, পুলিশ কমিশনারের অনুমতি না নিয়ে আসামিরা মিছিল সমাবেশ করেন। আসামি খায়রুল কবিরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন বলেন, এ মামলার এজাহারে আসামি খায়রুলের নাম নেই। এজাহারনামীয় ২০ জন হাইকোর্ট থেকে জামিনে আছেন। এজাহারের বাইরে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরাও জামিনে আছেন। আসামিকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।আরেক আইনজীবী গোলাম মোস্তফা খান বলেন, এজাহারে বলা হয়েছে, বিএনপি শান্তিপূর্ণ মিছিল শেষে পুলিশের কাজে বাধা দেয়, গাড়ি ভাঙচুর করে। আসামি ঘটনার দিন নরসিংদীতে নিজের এলাকায় ছিলেন, ঢাকায় ছিলেন না। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে জড়ানো হয়েছে। তাই তিনি জামিন পেতে পারেন।আসামিপক্ষে শুনানিতে আরও অংশ নেন সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া, ইকবাল হোসেন, খোরশেদ আলম, শাম্মী আকতার প্রমুখ আইনজীবী।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।রাষ্ট্রপক্ষে শুনানিতে আরও অংশ নেন কাজী নজিবুল্লাহ, শাহ আলম তালুকদার, মোহাম্মদ আলী হোসেন, এ এফ এম রেজাউল করিম, আলী আসগর, কবির হোসেন, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান, আবু হানিফ ও আনোয়ার শাহাদত প্রমুখ।৩৩ নেতার জামিনের শুনানি আজ: এদিকে আজ বুধবার মহানগর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতার ফৌজদারি বিবিধমূলে জামিন শুনানির জন্য দিন ধার্য আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা ১৬ মে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম মো. এরফানউল্লাহ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিদের পক্ষে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়।