বিএনপি-সমর্থক ১৩ আইনজীবী জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে এজলাসকক্ষে বিশৃঙ্খলা-হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি-সমর্থক ১৩ আইনজীবী। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেন গতকাল মঙ্গলবার এই ১৩ আইনজীবীর জামিনের আবেদন মঞ্জুর করেন।এই ১৩ আইনজীবীর মধ্যে ১০ জন গত রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। একই দিন ১১ আইনজীবী ক্ষমার আবেদন করলে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনায় আদালত অবমাননার অভিযোগ থেকে হাইকোর্ট তাঁদের অব্যাহতি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।১৩ আইনজীবীর পক্ষে গতকাল জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এই আইনজীবীরা হলেন: সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দিন আহমেদ, আশরাফ-উজ-জামান, গোলাম নবী, এনামুল হোসেন গাফফার, আবদুল্লাহ আল মাহবুব ও মাহমুদুল আরেফিন। এঁদের মধ্যে পাপিয়া, তৌহিদুল ইসলাম ও আবু বকরকে গত ৪ আগস্ট গ্রেপ্তার করেছিল পুলিশ।এ ছাড়া গত জুন মাসে বিএনপি আহূত হরতাল চলাকালে শাহবাগ থানা এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগে করা অপর এক মামলায় পাপিয়া, তৌহিদুল ও আবু বকরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। আদালত তা নাকচ করে তাঁদের জামিনে মুক্তির আদেশ দেন।জামিন আবেদনের শুনানিতে আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, বিধাতা ওই আইনজীবীদের কপালে দুই দিন হাজতবাস রেখেছিলেন। তাই রোববার আদালত তাঁদের জামিন দেননি, আমরা আশা করেছিলাম জামিন পাব।শুনানিতে আরও অংশ নেন রফিকুল ইসলাম মিয়া, মাহাবুবউদ্দিন খোকন, জয়নুল আবেদীন, মো. মহসীন মিয়া, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও ইকবাল হোসেন। তবে সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপরিদর্শক (এসআই) শেখ মো. ফরিদ জামিনের বিরোধিতা করেন।প্রসঙ্গত, ২ আগস্ট হাইকোর্টের একটি এজলাসকক্ষে সরকার ও বিরোধীদলীয় সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলা হয়। মুফতি ফজলুল হক আমিনীর মামলায় আদালতের অভিমতে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ আসায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতে বিএনপি-সমর্থক ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে ৪ আগস্ট রাতে নয় আইনজীবীর নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়। সাতজন আইনজীবী দুই মামলারই আসামি। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলার আসামি আইনজীবী ওয়ালিউর রহমান ও গোলাম মোহাম্মদ চৌধুরী পলাতক রয়েছেন।