বিএনপি-সমর্থিত প্যানেল ৯টিতে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ১৪টি আসনের মধ্যে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা নয়টি এবং সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পাঁচটি আসনে বিজয়ী হয়েছে। আনুষ্ঠানিক ফলাফলে সাধারণ সাত আসনের চারটি ঐক্য প্যানেল এবং তিনটি পেয়েছে সমন্বয় পরিষদ। আর গ্রুপ আসন সাতটির মধ্যে পাঁচটি ঐক্য প্যানেল এবং দুটি পেয়েছে সমন্বয় পরিষদ। বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেলের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল থেকে বার কাউন্সিলের সভাকক্ষে ভোট গণনা শুরু হয়। সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সাতটি করে সাধারণ ও গ্রুপভিত্তিকসহ মোট ১৪টি আসনের বিপরীতে এবারের নির্বাচনে ৫৬ জন প্রার্থী অংশ নেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীদের মধ্যে। এর মধ্যে সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে আইনজীবী আবদুল মতিন খসরু (১৩,১৮৫) সর্বোচ্চ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ঐক্য প্যানেলের আইনজীবী এম এম মাহবুব উদ্দিন খোকন (১২,৫৩২)। অনানুষ্ঠানিক ফলাফলে সাধারণ সাতটি আসনের চারটিতে ঐক্য প্যানেলের প্রার্থী এবং অপর তিনটি আসন পেয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থীরা। সাধারণ আসনে ঐক্য প্যানেল থেকে আইনজীবী এম এম মাহবুব উদ্দিন খোকন, খন্দকার মাহবুব হোসেন (১২,৪২৪ ভোট), এ জে মোহাম্মদ আলী (১২২৫৩ ভোট) ও সানাউল্লাহ মিয়া (১১,৮০৭ ভোট) নির্বাচিত হয়েছেন। সমন্বয় পরিষদ থেকে আবদুল মতিন খসরু, সৈয়দ রেজাউর রহমান (১২,২০০ ভোট) ও তানিয়া আমীর (১২,১৭৫) নির্বাচিত হন। সাতটি গ্রুপ আসনের দুটিতে সমন্বয় পরিষদের প্রার্থী ও পাঁচটিতে ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হন। ঐক্য প্যানেল থেকে আইনজীবী গোলাম মোস্তফা খান (৩৬৬৫ ভোট) (গ্রুপ-এ), মো. কবির চৌধুরী (১২৩৩ ভোট) (গ্রুপ-সি), মো. ইসহাক (১১৮৮ ভোট) (গ্রুপ-এফ) এবং এ কে এম হাফিজুর রহমান (১৩৪৭ ভোট) (গ্রুপ-জি) নির্বাচিত হয়েছেন। গ্রুপ আসনের অপর দুটিতে সমন্বয় পরিষদের এইচ আর জাহিদ আনোয়ার (১২৯০ ভোট) (গ্রুপ-বি) এবং এম এম মুজিবুর রহমান (১৪৭১ ভোট) (গ্রুপ-ই) নির্বাচিত হয়েছেন।যোগাযোগ করা হলে সন্ধ্যায় বার কাউন্সিলের সচিব এনায়েত ফজলুর রশীদ প্রথম আলো ডটকমকে জানান, প্রায় ১৫ হাজার ভোটার নির্বাচনে ভোট দেন। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। গেজেট নটিফিকেশনের পর নির্বাচিত সদস্যরা তাঁদের প্রথম সভায় ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কমিটি গঠন করবেন। ১৮ জুলাই সারা দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।