বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে নেই দলের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী গোলাম মোস্তফাকে সমর্থন দিচ্ছেন না স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। বিএনপি-সমর্থিত প্রার্থী বলছেন, তাঁরা বরং প্রতিপক্ষ আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সরওয়ার আজমের পক্ষে কাজ করছেন। ২৭ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।গত শনিবার দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রথম আলোর কাছে বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা নিজেই এ কথা বলেন। নির্বাচনে অস্ত্রের মহড়া ও টাকার খেলা চলছে বলেও অভিযোগ করেন তিনি। গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, বিএনপি ও জামায়াতের নেতারা তাঁর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। ‘আমি পুটিবিলা গ্রামে দিনে গণসংযোগ করে এলে রাতে আলমগীর ফরিদ সাহেব (বিএনপির সাবেক সাংসদ) এলাকায় গিয়ে সব ওলট-পালট করে দেন। গোরঘাটায় প্রচারণা চালালে উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ভোটারদের বাড়ি গিয়ে আমাকে ভোট দিতে নিষেধ করেন। চরপাড়া ও ঘোনাপাড়া এলাকায় আমাকে ভোট না দিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশ দেন হামিদুর রহমান আজাদ সাহেব (বর্তমান সাংসদ ও জামায়াতের কেন্দ্রীয় নেতা)’—অভিযোগ করেন গোলাম মোস্তফা।দলের স্থানীয় নেতাদের সহযোগিতা না পাওয়ার কারণ জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, ‘তাঁরা সবাই ভিলেজ পলিটিকস করছেন। তাঁরা আমাকে উঠতে দিতে চান না।’ বিষয়টি জেলা বিএনপির সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে বলে জানান তিনি। গোলাম মোস্তফা আরও বলেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সরওয়ার আজম গত সংসদ নির্বাচনে জামায়াতের নেতা হামিদুর রহমানের পক্ষে কাজ করেন। প্রতিদানে এখন হামিদুর রহমান সরওয়ারের পক্ষে কাজ করছেন। আওয়ামী লীগের দুই মেয়র পদপ্রার্থীর মধ্যে টাকার খেলা আর অবৈধ অস্ত্রের মহড়া চলছে বলে অভিযোগ করেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফার পক্ষে কাজ না করা প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা তাঁর পক্ষে জনসমর্থন নেই বলে দাবি করেন। উপজেলা জামায়াতের আমির জাকের হোসেন বলেন, ‘মোস্তফার পক্ষে বিএনপির নেতা-কর্মীরাই এখনো মাঠে নামেননি। সেখানে জামায়াতের নেতা-কর্মীরা নামবেন কোন দুঃখে।’ উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে বিএনপির সাবেক সাংসদ আলমগীর ফরিদ বলেন, ‘নির্বাচনে গোলাম মোস্তফা সবচেয়ে কম ভোট পাবেন। সে ক্ষেত্রে তাঁর পক্ষে কাজ করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’জামায়াতের নেতা ও সাংসদ হামিদুর রহমান বলেন, ‘বিএনপি থেকে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর পক্ষে জনসমর্থন কম। এর পরও জনগণ পছন্দ করলে তাঁকে ভোট দিতে পারে। আমরা কাউকে জোরজবরদস্তি করছি না।’কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্তে গোলাম মোস্তফাকে মেয়র পদপ্রার্থী করা হয়। তাঁর পক্ষে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মাঠে না নামার বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে। ইউএনও কাউছার হোসেন প্রথম আলোকে জানান, তিনি অস্ত্রের মহড়ার খবর পেয়েছেন। নানা কারণে মোট নয়টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, অস্ত্রের মহড়ার খবর তাঁর জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সরওয়ার আজমের কাছে তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মহড়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করতে সচেতন ভোটাররা অবৈধ অস্ত্র নিয়ে মাঠে নেমেছেন বলে খবর পাচ্ছি। তবে এতে আমার হাত নেই।’ তাঁর পক্ষে জামায়াত-বিএনপির নেতাদের সমর্থন প্রসঙ্গে সরওয়ার আজম বলেন, ‘আমি মহাজোটের প্রার্থী। কেউ যদি নীরবে আমাকে সমর্থন দেন, তাতে ক্ষতির কোনো কারণ দেখছি না।’এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকছুদ মিয়া সংবাদ সম্মেলন করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। অন্য মেয়র পদপ্রার্থীরা হলেন পূর্ণ চন্দ্র দে, শামসুল আলম, জামালুর রহমান, মনিরুল আলম ও সার্জিনা আকতার।