প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকার এ দেশের পাটশিল্পকে ধ্বংস করেছে। অথচ একসময় সোনালি আঁশ বা পাট বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। একসময় কলকারখানায় সমৃদ্ধ খুলনা নগরকে মৃত নগরে পরিণত করা হয়। আওয়ামী লীগ সরকার আবার খুলনার বন্ধ কলকারখানাগুলো চালু করার উদ্যোগ নিয়েছে। খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।গতকাল শনিবার বিকেলে খুলনার খালিশপুর প্রভাতি মাধ্যমিক স্কুলমাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে বাগেরহাটের মংলা নৌঘাঁটিতে দুটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে পাটকলগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়। সারের দাবিতে আন্দোলন করলে গুলি করে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। মজুরির দাবি করলে রমজান মাসে ১৭ জন শ্রমিককে হত্যা করা হয়। এভাবে একসময় কলকারখানায় সমৃদ্ধ খুলনা নগরকে মৃত নগরে পরিণত করা হয়। কিন্তু বর্তমান সরকার শ্রমিকদের পাশে আছে।শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বন্ধ হওয়া পিপলস জুট মিল নতুন করে খালিশপুর জুট মিলস নামে চালু করা হয়েছে। এ ছাড়া আরও সাতটি পাটকল চালু করা হচ্ছে। পাট ক্রয়ে কলগুলোকে এক হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাটকলগুলোর কাছে ব্যাংকের পাওনা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা মওকুফ করা হয়েছে। শ্রমিকদের মহার্ঘ ভাতা, প্রশিক্ষণের ব্যবস্থাসহ চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।শেখ হাসিনা বলেন, যাতায়াতব্যবস্থার উন্নয়নসহ এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই পদ্মা সেতু নির্মাণ শুরু হবে। এর ফলে এ অঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিগত দিনে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। আমেরিকান কোম্পানি গ্যাস বিক্রি করবে আর ভারত তা কিনবে। আওয়ামী লীগ এর প্রতিবাদ জানিয়ে বলেছিল, আগে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজন মিটিয়ে ৫০ বছরের মজুদ থাকলে গ্যাস বিক্রি করা যেতে পারে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, দেশে গ্যাসের পর্যাপ্ত মজুদ নেই। আজ গ্যাসের জন্য হাহাকার। প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের প্রয়োজন মেটাতে অনুসন্ধান চালানো হচ্ছে। গ্যাস পাওয়া গেলে অবশ্যই তা খুলনাঞ্চলে দেওয়া হবে। খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ প্রমুখ।বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে খালিশপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম উদ্বোধন ও ফলক উন্মোচন করেন। নৌবাহিনীকে আরও সুসজ্জিত করা হবেগতকাল সকালে বাগেরহাটের মংলায় দিকরাজ নৌঘাঁটিতে বানৌজা ধলেশ্বরী ও বিজয় জাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমায় সার্বক্ষণিক টহলের মাধ্যমে অস্ত্র পাচার ও চোরাচালান রোধসহ সমুদ্রপথ উন্মুক্ত রাখতে নৌবাহিনীকে আরও সুসজ্জিত করে গড়া হবে। জাতির স্বার্থে নৌবাহিনীকে বাংলাদেশের জলসীমায় যেকোনো আগ্রাসন মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। নৌবাহিনীর পরবর্তী প্রজন্মকে আধুনিক ও গতিশীল করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।যুক্তরাজ্য থেকে সংগ্রহ করা নৌবাহিনীর আধুনিক ক্যাসেল কাস রণতরী ধলেশ্বরী ও বিজয়ের কমিশনিং উপলক্ষে গতকাল সকাল ১০টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে মংলা নৌঘাঁটিতে অবতরণ করে। সেখানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, তিন বাহিনীর প্রধানেরা এবং নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমোডর কমান্ডিং কে টি জামান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। যুদ্ধজাহাজ দুটির কমিশনিং শেষে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২৪ মিনিটে খুলনায় নৌবাহিনীর জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপইয়ার্ডের উদ্দেশে মংলা ত্যাগ করেন। সেখানে তিনি নৌবাহিনীর পাঁচটি পেট্রোল ক্রাফটের নির্মাণকাজ উদ্বোধন করেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল মঞ্জুর আহমেদ, বাগেরহাটের চারটি আসনের সাংসদ প্রমুখ উপস্থিত ছিলেন। নৌবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, যুদ্ধজাহাজ বিএনএস ধলেশ্বরী ও বিএনএস বিজয় বাংলাদেশের উপকূলীয় জলসীমা রক্ষায় ‘অফসোর পেট্রোল ভ্যাসেল’ হিসেবে কাজ করবে। নতুন কমিশনকৃত এই নৌযান দুটির প্রতিটিতে নৌবাহিনীর সাতজন করে কর্মকর্তা ও ৪৩ জন নৌসেনা দায়িত্ব পালন করবেন। গত বছরের এপ্রিল মাসে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এ রণতরী দুটি কেনা হয়।