বিএনপি সরকারের সময় সাংবাদিকেরা ভয়ে কিছু লিখতে পারত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি সরকারের সময় সাংবাদিকেরা এলাকায় থাকতে পারত না। গণমাধ্যম তখন ভয়ে কোনো কিছু লিখতে বা বলতে পারত না।’ তিনি বলেন, ‘আমরা সরকারে আসার পর মিডিয়া সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছে। প্রতিদিন সরকারের বিরুদ্ধে না লিখলে তাদের ভাত হজম হয় না। অনেক মিথ্যাও লেখা হয়। এতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা বাধা দিই না।’আজ শনিবার গণভবনে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা শহরে পত্রপত্রিকা, টিভি আর টক শো দেখলে দেশের এক চিত্র পাওয়া যায়। কিন্তু গ্রামে দেখা যায় অন্য চিত্র। কিছু লোক আছে, সাধারণ মানুষ ভালো থাকলে তাদের ভালো লাগে না। তারা সুযোগ-সুবিধা পেতে ব্যস্ত। এ জন্য তাদের এত সমালোচনা। শেখ হাসিনা বলেন, সাবেক জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্যাতিত হয়েছে। সে সময় থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলা নেওয়া হতো না। অন্যায় হলে কেউ বিচার পেত না। বরং উল্টো নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হতো। কিন্তু এখন যে কেউ থানায় মামলা করতে পারে। মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, দেশে এখন খাদ্য ঘাটতি নেই। খাদ্য উদ্বৃত্ত রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। শেখ হাসিনা বলেন, ‘যারা বলে দেশের অবস্থা ভালো না, তারা আসলে দেশের ভালো চায় না। মানুষ ভালো থাকুক তা তারা চায় না। গরিব মানুষকে দিলে বোধহয় তাদের টান পড়ে। তাই তাদের হা-হুতাশ। কিন্তু গ্রামের মানুষের মধ্যে তো হা-হুতাশ দেখি না।’মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম, রোজি সিদ্দিকী, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।