ক্ষমতায় গেলে নতুন আঙ্গিকে রাজনীতির ঘোষণা (ভিডিও)
বিএনপি সেনা নয়, গণ-অভ্যুত্থানে বিশ্বাসী
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বিএনপি সেনা নয়, গণ-অভ্যুত্থানে বিশ্বাসী। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণ-অভ্যুত্থান করবে। গণতন্ত্র ব্যাহত করতে সরকারের চেষ্টার পরিণতি শুভ হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।নয়াপল্টনে বিএনপির গণমিছিল কর্মসূচি শুরুর আগে আজ সোমবার বিকেল চারটার দিকে খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। এর পর বিকেল সোয়া চারটার দিকে তাঁর নেতৃত্বে গণমিছিল শুরু হয়। গণমিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। তবে শেষ মুহূর্তে মগবাজার পেট্রল পাম্পের কাছে মিছিলে হঠাত্ উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপির কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে আকস্মিক দৌড়াদৌড়ি শুরু করে। তবে পুলিশ এ সময় শান্তভাবে পাশে দাঁড়িয়ে থাকে।গণমিছিল শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শান্তিপূর্ণ ও সফলভাবে গণমিছিল শেষ হয়েছে। এর মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন আরও ত্বরান্বিত হয়েছে।’খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই না। তবে বাধা দিলে কঠোর কর্মসূচিতে না গিয়ে উপায় থাকবে না। আমাদেরকে সেই পথে ঠেলে দেবেন না।’ তিনি সরকারকে মিথ্যাচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।গতকাল গণমিছিল করার চেষ্টাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। তিনি জানান, ৩১ জানুয়ারি সারা দেশে বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে। আর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আগামী ৩ ফেব্রুয়ারি দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত হবে। ওই কর্মসূচিতে বাধা দিলে কঠিন কর্মসূচি ঘোষণা করা ছাড়া বিএনপির আর কোনো উপায় থাকবে না। বিএনপি প্রতিশোধ নয়, প্রতিবাদ করবে বলে তিনি মন্তব্য করেন।খালেদা জিয়া বলেন, নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ছিল সাজানো নাটক। তিনি আবারও জোর দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন হলে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট তাতে অংশ নেবে না।খালেদা জিয়া বলেন, ক্ষমতায় গেলে বিএনপি নতুন আঙ্গিকের রাজনীতি শুরু করবে। সব দলের সঙ্গে সুসম্পর্ক রাখবে, আলোচনা করবে। আর এর ভিত্তিতেই রাষ্ট্রের জন্য ও মানুষের জন্য ভালো হয়—এমন কর্মসূচি গ্রহণ করবে। সব দেশ বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেন খালেদা জিয়া। গণমিছিলে অংশ নিতে দুপুর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন চারদলীয় জোটের নেতা-কর্মীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে দলীয় পতাকা হাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। গণমিছিলে শরিক হন হাজার হাজার নেতা-কর্মী।