বিএনপি স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাঁর দল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। যুক্তরাষ্ট্র সফররত খালেদা জিয়া গতকাল মঙ্গলবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্সিলে আলোচনা সভায় এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জবাবে এ কথা বলেন।খালেদা জিয়ার সফরসঙ্গী বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে টেলিফোনে জানান, আটলান্টিক কাউন্সিলে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের গণতন্ত্র, শাসনব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, পরস্পরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে দুই পক্ষের স্বার্থ রক্ষা হয়, এমন অবস্থার সৃষ্টি করা গেলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা সম্ভব। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন। তিনি বলেন, ভারত যদি দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করতে চায়, তবে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসন বলেন, তাঁর দলে গণতন্ত্রের চর্চা হয়। দলের তৃণমূল পর্যায় থেকে বিভাগীয় কমিটিগুলোতে ইতিমধ্যে কাউন্সিল করা হয়েছে। শাসন সম্পর্কে খালেদা জিয়া বলেন, সুশাসন ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।খালেদা জিয়া বলেন, প্রশাসনের সব পর্যায় দলীয় প্রভাবমুক্ত রাখা উচিত। নিয়োগ, পদোন্নতিসহ সব কিছু মেধার ভিত্তিতে হওয়া উচিত। আর প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। বিরোধীদলীয় নেতা মনে করেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি, বেসরকারি ও এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে একজন কংগ্রেস সদস্য, শিক্ষাবিদ, গবেষক, বিএনপি নেতা ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু এবং খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আটলান্টিক কাউন্সিল জনগুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন, কংগ্রেস, করপোরেট সংস্থা, অলাভজনক খাত ও মিডিয়ার নেতৃস্থানীয় এবং ইউরোপ, এশিয়া ও আমেরিকার নেতাদের নিয়ে সংলাপ ও আলোচনার আয়োজন করে।