বিএনপি ২৮ জুন কঠোর কর্মসূচি ঘোষণা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিধান রেখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপনের প্রতিবাদে আগামী ২৮ জুন কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।সংসদে গতকাল শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ উত্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, এই বিল বাকশাল কায়েমের অপচেষ্টা। এর মাধ্যমে সরকার দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। তারা জনগণের মতামতকে অগ্রাহ্য করেছে। দেশকে ১/১১-এর আগের অবস্থায় নিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে বিএনপির কর্মসূচি কঠিনই হবে।গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে আইনমন্ত্রী শফিক আহমেদ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন।বিএনপি সংসদে যোগ দিয়ে সংবিধান সংশোধনের ব্যাপারে প্রতিবাদ জানাবে কি না, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গেছে, তারা আগামী নির্বাচনে জিততে পারবে না। তাই অতি দ্রুততার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার অপচেষ্টা চালাচ্ছে, যা বিএনপি কখনো মেনে নেবে না।এ প্রতিক্রিয়া জানানোর আগে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। গত আড়াই বছরে সরকার দেশকে যে পর্যায়ে নিয়ে গেছে তাতে তাঁদের পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই।রমনা থানা বিএনপির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার এক বছর উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।মির্জা ফখরুল আরও বলেন, এক বছর হয়ে গেল একজন নির্বাচিত জনপ্রতিনিধি গুম হয়েছেন। অথচ এখনো তাঁর কোনো সন্ধান দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরও এই পদে থাকার কোনো নৈতিক অধিকার তাঁর নেই।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।ড্যাবের মানববন্ধন: চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার দাবিতে এবং আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে আবদুল্লাহ আল নোমান বলেন, এই সরকার বিরোধী দলকে দমন ও জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। আরাফাত রহমান কোকো বিদেশে কোনো অর্থ পাচার না করলেও তারা ‘ক্যাঙ্গারু কোর্টে’ তাঁকে সাজা দিয়েছে।ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।