বিএনপিও বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবস্থান নেবে, তবে...
বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেছেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়নি—এটি প্রমাণ করতে পারলে বিএনপিও বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবস্থান নেবে। এ জন্য তিনি বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে যেসব চিঠি চালাচালি হয়েছে সেসব প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, এটি করা হলে জনগণই বুঝতে পারবে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে কি না। আজ বৃহস্পতিবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, পদ্মা সেতুর কাজ পেতে কানাডা, লন্ডন ও বাংলাদেশে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সরকার দুর্নীতিবাজদের রক্ষা করার চেষ্টা করছে।নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার এই সেতু করতে পারবে না। নিজেদের দুর্নীতি আড়াল করতে এসব কথা বলছে।গণতান্ত্রিক ঐক্য নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ, আয়োজক সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।