বিএনপিকে কেউ ভাঙতে পারবে না: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বৈরশাসক এরশাদ, আওয়ামী লীগ ও সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু খালেদা জিয়া বেঁচে থাকতে বিএনপিকে কেউ ভাঙতে পারবে না।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর জিয়া পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।রফিকুল ইসলাম বলেন, পঞ্চদশ সংশোধনী করে আওয়ামী লীগ তাদের অধীনে পরবর্তী নির্বাচন করতে চায়। বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও তারা ক্ষমতায় থাকতে পারবে না। তিনি বলেন, ‘সরকার এত দিন পর বলছে, পদ্মা সেতুর দুর্নীতি খতিয়ে দেখা হবে। এই সেতু নির্মাণের আগেই এক হাজার ২১ কোটি টাকা চলে গেছে। কোথায় গেল ওই অর্থ। সরকারকে বলব, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিন। তারাই এই দুর্নীতির তদন্ত করবে।’সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় নেতা কবির মুরাদ প্রমুখ।