বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিএনপিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র চলছে। তাই খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে ধ্বংস করা যায়নি। এখনো যাবে না। কেননা, আদর্শের কোনো মৃত্যু নেই।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এখন আর দেশ চলছে না। তারেক, কোকোসহ জিয়া পরিবারের ওপর অত্যাচার, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা চলছে। এ সবই দলকে টুকরো করার ষড়যন্ত্র।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে শেখ হাসিনার বক্তব্যের নিন্দা জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, ‘তাঁর মতো (হাসিনা) একজন শীর্ষ রাজনৈতিক নেত্রীর মুখে এ ধরনের সমালোচনা মানায় না। তাঁর সম্পর্কে সমালোচনা করতে চাই না। তিনি প্রধানমন্ত্রী। তবে তাঁর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’বিএনপির মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা ওনার স্বামীর সঙ্গে কত সময় থাকতেন। খালেদা জিয়া ওমরাহ করতে গেলে এত সমালোচনা হয় কেন?’ তিনি বলেন, ‘বেগম জিয়া কেন তাঁর সন্তানদের দেখতে যেতে পারছেন না, তা দেশবাসী অবগত আছে। ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন, তখন তাঁর একমাত্র ছেলে সজিব ওয়াজেদ জয় দেশে আসেননি, এ কথা আমরা বলতে চাই না।’কাল বুধবার বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ‘জাগো দল’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। বর্তমানে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। তাঁর বড় ছেলে তারেক রহমান দলটির সিনিয়র ভাইস চেয়ারপারসন।আলোচনা সভায় বিশৃঙ্খলা: সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বক্তব্য দেওয়া নিয়ে দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে সভাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। এই দুজনের মধ্যে কে আগে বক্তব্য দেবে, তা নিয়ে প্রথমে মঞ্চে পরে তা উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।