বিএনপিকে দায়িত্ব দেন, দেখেন রাস্তা কীভাবে ঠিক হয়
দেশের মহাসড়কগুলোর বেহাল অবস্থার কথা উল্লেখ করে সেগুলো মেরামতের দায়িত্ব বিএনপিকে দেওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। তিনি বলেন, ‘বিএনপিকে দায়িত্ব দেন, দেখেন রাস্তাঘাট কীভাবে ঠিক হয়।’ আজ শুক্রবার রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় হান্নান শাহ এ কথা বলেন। আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি ‘ট্রানজিটের নামে করিডর: ভারতের সঙ্গে গোপন চুক্তি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস ও কল্যাণ পার্টির নেতারা বক্তব্য দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসহাক। তাঁরা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।জবাবে হান্নান শাহ ধর্মভিত্তিক এসব দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘অনুগ্রহ করে অন্যদের হেদায়েত করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। আপনাদের মধ্যে সেই তৌহিদি জোশ নেই। আপনারা হরতাল ডেকে ঘরে বসে থাকেন। আমার দলের (বিএনপি) অনেক বড় বড় নেতাও এমন। এমন করলে হবে না।’শত্রুর হাতে অস্ত্র তুলে দেবেন না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতকে শত্রুই মনে করেন। তাঁদের কর্মকাণ্ডে এটাই প্রমাণিত। কিন্তু বিএনপি তাঁদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে।