বিএনপিকে ধ্বংস করতে সুপ্রিম কোর্টকে ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র ও বিএনপিকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্টকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। আজ মঙ্গলবার এক আলোচনা সভায় এ সরকারের আমলে আদালতের দেওয়া কয়েকটি রায়ের উল্লেখ করে তিনি এই অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করে।রফিকুল ইসলাম মিয়া স্বাধীনতার ঘোষণা নিয়ে দেওয়া আদালতের রায়, তত্ত্ববধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া রায় ও কর্নেল তাহের হত্যা মামলার রায়ের সমালোচনা করেন। তিনি বলেন, আদালতের রায়ে এ দেশ স্বাধীন হয়নি। তেমনি কে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাও আদালতের রায়ে নির্ধারিত হবে না। জনগণ এটি নির্ধারণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া রায়ে পরিবর্তন এনেছেন বলে তিনি অভিযোগ করেন।দলের নেতা-কর্মীদের আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে রফিক বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বাধ্য করা না গেলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে না।অন্যদের মধ্যে চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ বক্তব্য দেন।