বিশ্বনাথে বিএনপির সংসদীয় প্রতিনিধিদল
বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার মিথ্যা মামলা করছে
সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে বলে জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে আসা বিএনপির পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল।আজ শনিবার সকালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেতারা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত যুবদল নেতা মনোয়ার ও ছাত্রদল নেতা সেলিম আহমদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাইর বাড়িতে একটি পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামনি চাকমা ও থানা পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। পথসভায় বিএনপির প্রতিনিধিদল ইউএনও ও ওসিকে উদ্দেশ করে বলেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। তাঁরা এসব আইনের মাধ্যমেই মোকাবিলা করবেন। কিন্তু মামলার নামে যাতে নিরীহ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা অযথা হয়রানির স্বীকার না হন। গত ২৩ এপ্রিল সংঘর্ষের ঘটনায় নিহত সেলিম আহমদের বাবার দায়ের করা মামলাটি রেকর্ড করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। প্রতিনিধিদলের নেতারা আরও বলেন, সংঘর্ষের ঘটনার জের ধরে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বরখাস্ত করার রায়টি মহামান্য হাইকোর্ট স্থগিত করেছেন। তাই ইউপি চেয়ারম্যানরা যাতে নিরাপত্তার সঙ্গে তাঁদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্বনাথে যাতে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। বিরোধীদলীয় চিফ হুইপের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সাংসদ শাম্মী আখতার, নজরুল ইসলাম মঞ্জু, হাফিজুর রহমান ও আশরাফ উদ্দিন নিজান। সিলেট জেলা বিএনপির সহসভাপতি দিলদার হোসেন সেলিম, মোজাহিদ আলী, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, মহানগর বিএনপির সভাপতি এম এ হকসহ জেলা ও উপজেলা বিএনপি-অঙ্গসংগঠনের নেতারা এ সময় তাঁদের সঙ্গে ছিলেন।