বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই খালেদার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত: দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘খালেদা জিয়ার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত রাজনৈতিক। বিএনপিকে নেতৃত্বশূন্য করাই এর উদ্দেশ্য। জাতীয়তাবাদী দল যে যে দাবিতে আন্দোলন করছে, খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বিষয়টি একই সূত্রে গাঁথা। অন্যান্য দাবির সঙ্গে এই দাবিকেও সংযুক্ত করতে হবে। অন্যের ঘাড়ে বন্দুক রেখে সরকার যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তবে বিএনপি ও জনগণ তা মানবে না।’আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২৮ অক্টোবর উপলক্ষে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। টিআইবির দুর্নীতিবিষয়ক প্রতিবেদন নিয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা এই প্রতিবেদন গ্রহণও করি না, প্রত্যাখ্যানও করি না। দেশে কী পরিমাণ দুর্নীতি চলছে তা প্রতিবেদন দিয়ে প্রমাণ দিতে হবে না। সবাই এটা বুঝতে পারছে।’ সমাবেশে সভাপতিত্ব করেন, সিটি মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া ও মঈন খান যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।