বিএনপিকে ফের চিঠি দিয়েছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপে অংশ নেওয়ার জন্য বিরোধী দল বিএনপিকে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে বলা হয়েছে, বিএনপি ১৯ থেকে ২২ জুনের মধ্যে নিজেদের সুবিধামতো সময়ে ইসির সঙ্গে সংলাপে বসতে পারবে।এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে ১৮ জুলাই এবং গণতন্ত্রী পার্টির সঙ্গে ৩০ জুন সংলাপ অনুষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।ইসি সূত্র জানিয়েছে, গত রোববার বিকেলে বিএনপি ও গণতন্ত্রী পার্টিকে এবং আওয়ামী লীগকে গত সপ্তাহে নতুন সময়সূচি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল সকালে বিএনপি এবং বিকেলে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা ছিল। আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৯ জুন। সেদিন বাজেট পেশের দিন হওয়ায় এবং আওয়ামী লীগের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসি সময়সূচি পরিবর্তন করে।ছহুল হোসাইন বলেন, অনিবার্য কারণে আজ (গতকাল সোমবার) সংলাপ হয়নি। তবে বিএনপিকে আবার চিঠি পাঠানো হয়েছে। বিএনপি সংলাপে না এলে তাদের ছাড়াই নির্বাচনী আইন সংস্কার বিষয়ে ইসি সুপারিশ চূড়ান্ত করবে।প্রসঙ্গত, গত শুক্রবার বিএনপি সংবাদ ব্রিফিং করে জানিয়েছে, তারা ইসির আইন সংস্কারের সংলাপে অংশ নেবে না। এরপর শনিবার ইসির সংলাপে সমাজের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা জানান, বিরোধী দলকে বাদ দিয়ে আইন সংস্কার করা হলে তা অর্থবহ হবে না।