বিএনপিকে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিরোধী দলকে ওই অধিবেশনে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।স্পিকার বলেন, ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে জাতীয় সংসদেই আলোচনা হতে পারে, সেটা বিবেচনায় রেখেই আমি বলব বিরোধী দলকে সংসদে আসার জন্য।’বুধবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন। খবর বাসসের।শিরীন শারমীন চৌধুরী বলেন, সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণের মধ্য দিয়ে মহান জাতীয় সংসদ আরও অধিক কার্যকর ও প্রাণবন্ত হবে।দেশের প্রথম নারী স্পিকার এ সময় বলেন, নারী হিসেবে এই সাংবিধানিক পদে আসার সুযোগ বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে, যা বাংলাদেশের সব নারীর অর্জন।স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর বুধবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।পরে সাভারে ভবনধসে আহত চিকিত্সাধীন শ্রমিকদের দেখতে স্পিকার সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। সেখানে তিনি তাঁদের চিকিত্সার খোঁজ-খবর নেন এবং চিকিত্সকদের সঙ্গে কথা বলেন।এর আগে নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।