সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির এক সদস্য প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।এ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়েও মতামত দিয়েছেন কমিটির সদস্যরা। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকের সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরবে বিএনপি। তবে কবে কখন সংবাদ সম্মেলন হবে, তা জানায়নি দলটি। বৈঠক সূত্র জানিয়েছে, আজ সোমবার ১৮ দলের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্তগুলো জানানো হবে। স্থায়ী কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলন কর্মসূচিও আসবে। আপাতত বিক্ষোভ, খালেদা জিয়ার জেলা সফর, গণসংযোগের মতো কর্মসূচি নিয়ে ভাবা হচ্ছে। তবে জনস্বার্থপরিপন্থী কিছু ঘটলে বা পরিস্থিতি অনুযায়ী হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। পরে চেয়ারপারসনকে কর্মসূচি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সদস্য বলেন, সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করলে তা প্রতিহত করার কথা বলা হয়েছে এবং এ নিয়ে ভবিষ্যতে করণীয় নিয়েও আলোচনা হয়েছে। সূত্র জানায়, বৈঠকে ১৮ দলীয় জোটের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম (স্টিয়ারিং কমিটি) ও দুটি সাব-কমিটি গঠন নিয়েও আলোচনা হয়েছে। নির্দলীয় সরকারের প্রধান কে হবেন, তা নিয়েও সদস্যরা মতামত দিয়েছেন। সর্বদলীয় সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবও আলোচনায় স্থান পায়।গতকাল বৈঠক শুরুর পর রাত ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দেশের অর্থনীতি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।’ খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া ও সারোয়ারী রহমান।