বিএনপিকে বিকল্প প্রস্তাব দিতে আবদুল মতিন খসরুর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপিকে সাংবিধানিক ও গণতান্ত্রিক কোনো বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও এর অধীনে নির্বাচন অনুষ্ঠান গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিপন্থী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভিনিউজবিডিডটকম নামক একটি অনলাইন বার্তা সংস্থা এ আলোচনা সভার আয়োজন করেন। আবদুল মতিন খসরু স্বীকার করেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে যুক্ত করার জন্য আমরাই আন্দোলন করে বিএনপিকে বাধ্য করেছিলাম। উদ্দেশ্য ছিল অধিকতর, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা। কারণ, ১৯৯১-এর আগের সরকার নির্বাচনী প্রতিষ্ঠানকে দুমড়েমুচড়ে দিয়েছিল। কিন্তু এ মুহূর্তে সর্বোচ্চ আদালত এ ব্যবস্থাকে অসাংবিধানিক ও অবৈধ বলে রায় দিয়েছেন। তখন আমাদের কিছু করার থাকে না। ’সাবেক এই আইনমন্ত্রী সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ব্যক্তিগত আক্রমণ করায় বিএনপি নেতা মওদুদ আহমদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি বৈঠক করে আদালতের রায় মানবে না বলে ঘোষণা দিয়েছে। কোন সভ্য দেশে এভাবে কেউ আদালতের রায়কে তুচ্ছ করতে পারে না। এটা শাস্তিযোগ্য অপরাধ।‘পত্রিকায় দেখলাম খন্দকার মাহবুব প্রধান বিচারপতিকে কুলাঙ্গার ও খুনি বলেছেন। আমি মনে করি তাদের আদালতের কাঠগড়ায় এনে দণ্ড দেওয়ার বিকল্প নেই। চিকিত্সক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-উর রশিদ, ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।