বিএনপিকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান আ.লীগের
হরতাল শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সতর্ক করে বলেছেন, জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টির লক্ষ্যে হরতালের আগে-পরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের জরুরি এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফ বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, পরিস্থিতি এমন দিকে নেবেন না যাতে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে তিনি কাদা ছোড়াছুড়ির রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, কাদা ছোড়াছুড়ির রাজনীতির পরিণাম এক-এগারোর পর দেশের মানুষ দেখেছে।গতকাল ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের ঢাকায় উপস্থিত সদস্যদের নিয়ে এ বৈঠক হয়।এর আগের দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে বিএনপি ৩০ নভেম্বর সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে। পাশাপাশি ছয় দিন মিছিল-সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বলাবলি হচ্ছিল, বাজারে হরতালের গুজব ছড়ানো হচ্ছে। এখন বিএনপি ৩০ তারিখ হরতাল ডেকেছে। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হরতালের ঘটনা দুঃখজনক। তৈরি পোশাকশিল্পের রপ্তানি এক কোটি থেকে দুই কোটি ডলারে চলে যাবে কয়েক বছরের মধ্যে। সব সূচকেই বলা হচ্ছে বাংলাদেশ উদীয়মান অর্থনৈতিক শক্তি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, জনস্বার্থে নয়, ব্যক্তিগত ইস্যুতে হরতাল ডেকেছে বিএনপি। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ও তার দুর্নীতিবাজ দুই ছেলেকে রক্ষাসহ যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচাল করতেই এ হরতাল।ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাইকোর্টের রায় স্থগিতের জন্য আপিল করেননি বলে দাবি করে সৈয়দ আশরাফ বলেন, নাজমুল হুদাও একই কথা বলেছেন।