বিএনপিকে সংলাপে আনার তাগাদা দিলেন সাংবাদিকেরা
নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপে প্রধান বিরোধী দল বিএনপিকে আনতে হবে। নইলে সংলাপ তাত্পর্যপূর্ণ হবে না। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে কমিশনের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকেরা এ কথা বলেন। বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে চলে বেলা দেড়টা পর্যন্ত।এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, বিএনপিকে সংলাপে যোগ দিতে আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে। তবে বিএনপি সংলাপে যোগ দেবে কি না—এ ব্যাপারে এখনো কিছু জানায়নি। আজকের মতবিনিময় সভায় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, দৈনিক সকালের খবরের সম্পাদক এ কে এম রাশীদ উন নবী, দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠানপ্রধান সানাউল্লাহ লাবলু, এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি এ টি এম শামসুল হুদা।মতবিনিময় সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে সরকারের মেশিন টুলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান বলেন, চলতি বছরের আগস্টের মধ্যে ইভিএমের অর্ডার দেওয়া হলে আগামী নির্বাচনে ৩০০ আসনের জন্য তিন লাখ ইভিএম তৈরি করা সম্ভব। সিইসি এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, এ ব্যাপারে জনগণকে ধারণা দিতে হবে। সবাই ঐকমত্য পোষণ করলেই সিদ্ধান্ত নেওয়া যাবে।