বিএনপিকে সংলাপে বসানোর উদ্যোগ কূটনীতিকদের
চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিরা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি নিয়ে বিএনপির অনমনীয় অবস্থান থেকে দলটিকে সরিয়ে আনতে কাজ করছেন তাঁরা।বিএনপির একটি সূত্র জানিয়েছে, গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাকে বলেছেন, রাজনৈতিক সংকট সমাধানে তাঁর দল সব সময় আলোচনার জন্য প্রস্তুত আছে। তবে সরকারি দলকেও ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে।বিএনপি সূত্রে জানা গেছে, বিদেশি রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিরা সরকারি দলের সঙ্গেও নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছেন। আওয়ামী লীগ ও বিএনপি তাদের নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেওয়ার মানসিকতা দেখালে নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে দুই দলকে সংলাপে বা আলোচনায় বসাতে চান তাঁরা। ওই সূত্র জানায়, সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ভূমিকা রাখছেন।সূত্র জানায়, রাষ্ট্রদূতেরা দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন। গত সপ্তাহে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সঙ্গে ড্যান মজীনা প্রায় দুই ঘণ্টা তাঁর কার্যালয়ে বৈঠক করেন। তিনি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘কূটনীতিকদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক কথা হয়েছে। আমরা বলেছি, আমরা সংলাপের মাধ্যমে সংকটের সমাধান চাই।’গত বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ড্যান মজীনা। তবে ওই বৈঠকে তাঁদের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। চেয়ারপারসনের একজন উপদেষ্টা প্রথম আলোকে বলেন, এটা ছিল অনির্ধারিত বৈঠক। মূলত সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মজীনা দাবি আদায়ে ধ্বংসাত্মক কর্মসূচি না দেওয়ায় বিএনপির চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বুধবারের বৈঠক সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে তিনি বলেছেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিদেশি রাষ্ট্রদূূতেরা কাজ করছেন। তাঁরা সরকার ও বিরোধী দলকে সংলাপে বসাতে চান। এ জন্য দুই দলের সঙ্গেই তাঁরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।বিএনপির একজন ভাইস চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। বিদেশি কূটনীতিকেরা দুই দলকে ছাড় নিয়ে এক জায়গায় আনার চেষ্টা করছেন। বিএনপি মধ্যস্থতাকারীদের বলেছে, তারা গ্রহণযোগ্য সমাধান চায়। তারা বর্তমান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চায় না।বিএনপি সূত্র জানায়, দেশের ব্যবসায়ী, শিল্পপতি ও সুশীল সমাজের প্রতিনিধিরা রাজনৈতিক অস্থিরতা চান না। এ নিয়ে তাঁরা খালেদা জিয়ার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। ধ্বংসাত্মক কর্মসূচি না দিতে তাঁরা বারবার অনুরোধ করেছেন। তাঁরাই রাজনৈতিক সংকট সমাধানে কূটনীতিকদের আহ্বান জানিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, কূটনীতিকদের আশ্বাসের কারণে বিএনপি আপাতত বড় ধরনের কর্মসূচিতে যাচ্ছে না। বিএনপি আশা করছে, অক্টোবরের মধ্যে কূটনীতিক উদ্যোগ ইতিবাচক মোড় নেবে। না হলে বছরের শেষ দিকে বিএনপি কঠোর কর্মসূচি দেবে।