বিএনপিকে সংসদে আসার আহ্বান সুরঞ্জিতের
সংলাপের পরিবেশ সৃষ্টি করতে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘সংলাপের নামে প্রচুর প্রলাপ-বিলাপ হয়েছে। সমঝোতার জন্য অর্থবহ, আন্তরিক সংলাপ প্রয়োজন এবং সরকার এ ব্যাপারে আন্তরিক।’আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাহাউদ্দিন ও গাজীউল হক স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।আলোচনায় বিরোধী দলের উদ্দেশে দপ্তরবিহীন মন্ত্রী বলেন, ‘বিরোধী দল হচ্ছে বিকল্প সরকার। বিএনপি রাস্তার বিরোধী দল নয়, সাংবিধানিক বিরোধী দল। তাই সংসদে এসে কথা বলুন।’বিএনপিকে মুক্তিযুদ্ধ-বিরোধীদের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসার অনুরোধ জানিয়ে সুরঞ্জিত বলেন, মুক্তিযুদ্ধ-বিরোধীদের সঙ্গে নিয়ে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।স্পিকারের রুলিংয়ের বিষয়ে আলোচনার একপর্যায়ে দপ্তরবিহীন মন্ত্রী বলেন, ‘বল এখন সুপ্রিম কোর্টের দ্বারে।’ প্রধান বিচারপতি এ বিষয়ে গণতান্ত্রিক স্বার্থে রুলিংয়ের কার্যকারিতা নিশ্চিত করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।এ ছাড়া সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা-ইস্যুতে কিছু বিদেশি সংবাদমাধ্যম বিদেশে বিকৃতভাবে সংবাদ উপস্থাপন করছে বলে অভিযোগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।