বিএনপিকে সংসদে এসেই দাবি জানাতে হবে: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপির উচিত বাইরে কথা না বলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে সংসদে এসে কথা বলা। তিনি বলেন, বিএনপি যত গালাগালি করুক আর যা-ই করুক, তাদের সংসদে এসেই দাবির কথা বলতে হবে।আওয়ামী লীগ আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছে। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাজেদা চৌধুরী এসব কথা বলেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে সাজেদা চৌধুরী বলেন, আওয়ামী লীগ হচ্ছে আন্দোলনের রাজা। আওয়ামী লীগ জানে কীভাবে আন্দোলন প্রতিহত করতে হয়। তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গেই আছে । বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবির প্রসঙ্গে সাজেদা চৌধুরী বলেন, তারা তো অনেক রকম দাবিই জানাবে। তারা এমনও দাবি করতে পারে যে আওয়ামী লীগ আর থাকবে না। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা জাতীয় সংসদে এসে আপনাদের দাবি জানান। সংসদে যে কয়টা আসন পেয়েছেন সেগুলো কার্যকর করেন।’রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের নেতারা আজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে দলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শোভাযাত্রা বের করবে।