বিএনপিকে সংসদে ফেরার আহবান আশরাফের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনারা যে প্রস্তাব ফিরিয়ে নিয়েছেন, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তা আবার দিন। আগামী নির্বাচনকালীন সরকার নিয়ে সংসদে এসে প্রাণবন্ত আলোচনা করুন। আমরা কথা দিচ্ছি, সংখ্যাগরিষ্ঠতার জোরে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব না।’আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রগতিশীল গণতান্ত্রিক কর্মীদের ঐক্যের লক্ষ্যে আয়োজিত কনভেনশনে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিএনপি সংসদের মাধ্যমে জাতির কাছে তাদের বক্তব্য তুলে ধরবে। আমরাও সংসদের মাধ্যমে জাতির কাছে আমাদের বক্তব্য তুলে ধরব। এটাই রাজনীতির সংস্কৃতি। কিন্তু কিছুক্ষণের জন্য বেগম জিয়া সংসদে এসে সে প্রস্তাব তুলে নিলেন। এর মাধ্যমে প্রমাণিত হলো, তারা আলোচনা চায় না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’মন্ত্রী বলেন, ‘৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে। যে রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য দেশ স্বাধীন করা হয়েছিল, আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। আজকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি নয়, হেফাজত ও জামায়াত।’ বিএনপির বাজেট প্রতিক্রিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাজেট প্রতিক্রিয়ায় মওদুদ সাহেব বাজেট বিশ্লেষণে গেলেন না। তিনি ছোট একটি কথা বললেন বিগ বিউটিফুল বেলুন।’ তিনি বলেন, ‘আশা করেছিলাম, বিরোধী দল বাজেট বিশ্লেষণ করবে। বাজেটের জনবান্ধব প্রস্তাব বাস্তবায়নে সরকারকে সহযোগিতা আর জনবিরোধী প্রস্তাব বাতিল করতে চাপ সৃষ্টি করবে। আসলে বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। তাই তারা সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায় না। তারা আশ্রয় নিয়েছে হেফাজত ও জামায়াতের।’ সিপিডির বাজেট প্রতিক্রিয়ার সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘ড. দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির প্রধান কর্মকর্তা নন। তার পরও তিনি বাজেট নিয়ে মন্তব্য করেছেন। আমাদের সন্দেহ হয়, এটা সিপিডির, না দেবপ্রিয় সাহেবের বাজেট প্রতিক্রিয়া। সিপিডির মতো ইনস্টিটিউটও আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক সরকারের বিরোধী একটি এনজিও হতে পারে না।’বুদ্ধিজীবীদের সমালোচনা করে আশরাফ বলেন, ‘কিছুসংখ্যক তথাকথিত বুদ্ধিজীবী টেলিভিশনে টক শোতে যায়। এরা তত্ত্বাবধায়ক সরকার চায় না, নির্বাচন চায় না। এরা চায় কিছুদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে।’কনভেনশনের আয়োজকদের স্বাগত জানিয়ে আশরাফ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। আপনাদের মতো শক্তি যদি ভ্যাকুয়াম ফিলাপ করতে না পারে, তাহলে তা দেশের জন্য অশনিসংকেত। আপনারা নিজেদের প্রস্তুত করতে পারলে আওয়ামী লীগের বিকল্প আপনারা হতে পারেন।’ কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ।