বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ করার অনুমতি গত রাত পর্যন্ত দেয়নি ঢাকা মহানগর পুলিশ। আজ বুধবার বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।বিএনপির সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত আজকের সমাবেশের অনুমতি মেলেনি। এ নিয়ে রাত সাড়ে নয়টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এবং এম কে আনোয়ার মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ইব্রাহিম ফাতেমী ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মেহেদী হাসানের সঙ্গে কথা বলেছেন। পুলিশের উভয় কর্মকর্তা বিএনপির নেতাদের জানিয়েছেন যে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।জানতে চাইলে গত রাতে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের সমাবেশ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে। তবে কেন সমাবেশ করা যাবে না, সে সম্পর্কে কিছু বলেনি।’ তিনি বলেন, ‘এখন হরতাল দেওয়া ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই।’মওদুদ আহমদ বলেন, সমাবেশ করতে না দেওয়ার বিষয়টি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে জানানো হয়েছে। তিনি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।এদিকে মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, সরকারের সিদ্ধান্ত হলো, এ মাসে কোনো রাজনৈতিক দলকে ঢাকায় সমাবেশ করতে দেওয়া হবে না। এ জন্য ১৮-দলীয় জোটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, জোটের নেতারা আজ বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করবেন। এর পরও অনুমতি না দিলে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।নির্দলীয় সরকারের বিষয়ে ক্ষমতাসীনদের অবস্থান পরিষ্কার করতে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় প্রত্যাখ্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দল আজ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। এই সমাবেশ গত সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও অনুমতি দেয়নি পুলিশ। এরপর সময় পরিবর্তন করে বুধবার সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।