বিএনপিকে সমাবেশের অনুমিত দিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দেয়নি মহানগর পুলিশ। কাল বুধবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।সূত্র জানায়, আজ মঙ্গলবার রাত পর্যন্ত ১৮ দলকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ইব্রাহিম ফাতেমী ও উপপুলিশ কমিশনার মেহেদী হাসানের সঙ্গে কথা বলেন। তাঁরা বিএনপির নেতাদের জানিয়েছেন, সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে মওদুদ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘পুলিশ আমাদের সমাবেশ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে। তবে কেন সমাবেশ করা যাবে না, সে সম্পর্কে কিছু বলেনি।’সমাবেশ না করতে দেওয়ায় জোটের পরবর্তী কর্মসূচি কী হবে, জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, এখন সামনে হরতাল দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই। তিনি বলেন, সমাবেশ করতে না দেওয়ার বিষয়টি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে জানানো হয়েছে। তিনি কর্মসূচি নির্ধারণ করবেন। বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, জোটের নেতারা বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করবেন। এর পরও অনুমতি না দিলে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে, মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সরকারের সিদ্ধান্ত হলো এ মাসে কাউকে বা কোনো রাজনৈতিক দলকে ঢাকায় সমাবেশ করতে দেওয়া হবে না। এ জন্য ১৮ দলকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। নির্দলীয় সরকারের বিষয়ে ক্ষমতাসীনদের অবস্থান পরিষ্কার করতে বেঁধে দেওয়া জোটের ৪৮ ঘণ্টা সময় প্রত্যাখ্যান করায় ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দল কাল সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। এই সমাবেশ গতকাল সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল অনুমতি দেয়নি পুলিশ। এরপর সময় পরিবর্তন করে কাল বুধবার সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।