বিএনপিকে সরকারের মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে: হানিফ
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে সরকারের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে। বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবির জবাবে আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত মিথ্যাচার, তথ্যবিকৃতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে নিন্দা জানানো হয়।হানিফ অভিযোগ করেন, ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে খালেদা জিয়া বিশেষ বিমানযোগে সৌদি আরবে বিপুল পরিমাণ অর্থসম্পদ পাচার করেছেন। সরকার সে বিষয়টি তদন্ত করে দেখছে। তিনি বলেন, সৌদি আরবে সে সময় কী কী সম্পদ পাচার করা হয়েছে, তা জাতি জানতে চায়। সে জন্য সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এর তদন্ত করছে।খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর আদালতে ঝুলে থাকা মামলা নিষ্পত্তি প্রসঙ্গে হানিফ বলেন, সব নাগরিকই আইনের দৃষ্টিতে সমান। তারেক-কোকোও আইনের ঊর্ধ্বে নন। সুতরাং, সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে বলে বিএনপির অভিযোগ অজ্ঞতাপ্রসূত, শঠতাপূর্ণ।সংবাদ সম্মেলনে খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।