বিএনপিতে আলোচনা হয়নি, জামায়াত চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অতীতে অনেকবার ক্ষমতায় থাকলেও ধর্ম অবমাননার (ব্লাসফেমি) শাস্তির বিধান রেখে কোনো আইন করেনি। এই তথ্য উপস্থাপন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে এ আইন করা হবে কি না, এ ব্যাপারে দলের শীর্ষ পর্যায়ে কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতে ইসলামী ‘ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন’ চায়। আর বর্তমান আইনেই ধর্মের অবমাননাকারীদের বিচার সম্ভব বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা নাকচ করে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।ইসলামের অবমাননা প্রতিরোধ আইনসহ ১৩ দফা দাবিতে আন্দোলনে নামে হেফাজতে ইসলাম। সংগঠনটি গত শনিবার ঢাকা অভিমুখে লংমার্চ ও মতিঝিলে যে মহাসমাবেশ করে, তাতে সমর্থন দিয়েছিল বিএনপি।হেফাজতে ইসলামের ব্লাসফেমি আইন করার দাবির বিষয়ে বিএনপির অবস্থান কী—জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল সোমবার বিবিসিকে বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের সময় থেকে আমরা অনেকবার ক্ষমতায় ছিলাম। বাংলাদেশে ধর্মভিত্তিক যে দল আছে, তাদের এ রকম একটা দাবি সব সময় আছে। হেফাজতে ইসলাম ব্লাসফেমি আইন নামে কোনো আইনের কথা বলেনি। তারা বলেছে, ধর্ম নিয়ে যারা বদনাম করে, কুৎসা করে; তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করার জন্য।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা এ আইন করবেন না। এ ব্যাপারে আমাদের দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়নি।’মোশাররফ হোসেন বলেন, ‘হেফাজতে ইসলামের ১৩টি দাবির সব কটির সঙ্গে আমরা অবশ্যই একমত হব না। আমরা হয়তো কিছু দাবির সঙ্গে একমত। কিছু দাবির সঙ্গে দ্বিমত আমাদের অবশ্যই থাকবে। আমরা আলোচনা করে এটা পরিষ্কার করব। তবে আমরা এতবার ক্ষমতায় ছিলাম, ব্লাসফেমি আইন নামে আমরা কোনো আইন করিনি।’যে দল ক্ষমতায় থাকবে বা ক্ষমতায় আসতে চাইবে, তাদের ১৩ দফা মেনেই ক্ষমতায় থাকতে অথবা ক্ষমতায় আসতে হবে—হেফাজতে ইসলামের এমন বক্তব্যের প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ‘এ কথাগুলো তারা বলতেই পারে। তবে আমি যেটা ইঙ্গিত দিলাম, আমরা অতীতে ক্ষমতায় ছিলাম, আমরা এ ধরনের আইন করিনি।’নির্বাচনের খুব বেশি দেরি নেই। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন (বিবিসিকে), তত্ত্বাবধায়ক সরকার সম্ভব নয়। এ ব্যাপারে কী বলবেন—বিবিসির এই প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ‘আমি মনে করি, বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে একগুঁয়েমি করছেন। জনগণ চায়, আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। আর যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, তাহলে সে নির্বাচন হবে একতরফা। একতরফা নির্বাচন এ দেশে টেকে না, এটার নজির রয়েছে।’সাম্প্রতিক সময়ে যেসব ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে, সেখানে আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা হারিয়ে গেছে—এ প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘আসলে দাবিটা হারিয়ে যায়নি। সামনের নির্বাচনটি হচ্ছে মূল ইস্যু। আর সরকার সেই তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারকে পাশ কাটানোর জন্য বিভিন্ন ইস্যু তৈরি করছে। শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার পর এখন হেফাজতে ইসলাম নামের আরেকটি সংগঠন হয়েছে। আগামী নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে হওয়ার দাবি ধামাচাপা দেওয়ার জন্য এই রাজনৈতিক কৌশল নেওয়া হচ্ছে।’আপনারা তো সেই ইস্যুর সঙ্গে জড়িয়ে যাচ্ছেন মনে হয়—এ প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যেকোনো একটা ইস্যু বাংলাদেশে সৃষ্টি হলে এর পক্ষে-বিপক্ষে অবস্থান অবশ্যই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা যে পক্ষটা নিয়েছি, অর্থাৎ হেফাজতে ইসলাম মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার যে প্রতিবাদ করেছে, এই প্রতিবাদ করাটা যেকোনো মুসলমানের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমরা এই সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি, জড়িয়ে যাচ্ছি ঠিক নয়। এটার সঙ্গেই আমাদের থাকতে হবে। এ নিয়েই আমাদের রাজনীতি।’ব্লাসফেমি আইন চায় জামায়াত: হেফাজতে ইসলাম যে ১৩টি দাবিতে আন্দোলন করছে, তার প্রতিটিতে জামায়াতে ইসলামীর সমর্থন রয়েছে বলে জানান দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ইসলামের অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবিটি তাঁদেরও।হামিদুর রহমান আযাদ গত রাতে প্রথম আলোকে বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বললে অবশ্যই জনমতকে শ্রদ্ধা করতে হবে। কারণ, জনমতের কথা বলে সম্প্রতি ট্রাইব্যুনালের আইন পাস করা হয়েছে। তাহলে হেফাজতে ইসলাম দেশের ইতিহাসের নজিরবিহীন সমাবেশ করে যে জনমত দেখিয়েছে, তার প্রতি শ্রদ্ধা রেখে কেন আইন পাস করা হবে না?হেফাজতে ইসলাম: ‘বর্তমান আইনেই ধর্মের অবমাননাকারীদের বিচার সম্ভব’ বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা নাকচ করে দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাশেমী। তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি, যারা ইসলামের অবমাননা ও মহানবী (সা.)-এর সঙ্গে বেয়াদবি করে, তাদের জন্য ইসলাম যে সাজা দিয়েছে; সে আইন প্রণয়ন করে সাজার ব্যবস্থা করা।’১৩ দফা মানলে দেশ মধ্যযুগে চলে যাবে বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ যে বক্তব্য দিয়েছেন, তারও জবাব দেন হেফাজতে ইসলামের এই নেতা। তিনি বলেন, ‘আল্লাহ পবিত্র কোরআনে ইনসাফের আদেশ দিয়েছেন। আর ইনসাফের দ্বারা সমাজে মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে সমাজে কল্যাণ ও শান্তি আসে।’ তাহলে কোরআনের কথা মানলে দেশ মধ্যযুগে যাবে—এর অর্থ কী? তিনি বলেন, উটের যুগের কোরআন, কম্পিউটারের যুগে কীভাবে চলবে, সবই আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। বিজ্ঞানের উৎকর্ষের কারণে শরিয়তের কোনো সমস্যা হয়নি, বরং শরিয়তের বিধিবিধান বোঝা মানুষের জন্য সহজ হয়েছে।