বিএনপিতে এস্কান্দার বনাম জয়নাল আ.লীগে হাজারী বনাম হাজারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে ফেনীর রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে সন্ত্রাসের ‘গডফাদার’ হিসেবে পরিচিত জয়নাল হাজারীর বাসা ও কার্যালয়ে দুই দফা হামলা হয়েছে।জয়নাল হাজারী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী নিজাম হাজারীকে দায়ী করেছেন। আর নিজাম হাজারী গতকাল ফেনীতে পাল্টা সংবাদ সম্মেলন করে বলেছেন, জয়নাল হাজারী ও তাঁর ভাতিজা ওয়ার্ড কাউন্সিলর টিটু হাজারীর বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পারিবারিক বিরোধের জের ধরে এর আগে জয়নাল হাজারী আপন দুই ভাইকে রক্তাক্ত জখম করেছিলেন।পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মতো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিএনপিও। এর এক পক্ষের নেতৃত্বে বিএনপির সাংসদ জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল, অপর পক্ষে খালেদা জিয়ার ভাই ও দলটির জেলা সভাপতি সাইদ এস্কান্দার। দুই পক্ষই বিএনপি থেকে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে।আওয়ামী লীগের নেতাদের দাবি, বিএনপির দুজনই শক্ত প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের একক প্রার্থী নিজাম হাজারী সুবিধাজনক অবস্থানে আছেন। এ অবস্থায় বিএনপির কেন্দ্র-মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ছাত্রদলের সভাপতির মামলা দায়ের করে নির্বাচন স্থগিতের প্রচেষ্টার নেপথ্যে জয়নাল হাজারীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে। অবশ্য জয়নাল হাজারী ঢাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করেছেন।ভিপি জয়নাল বনাম সাইদ এস্কান্দার: বিএনপির স্থানীয় সাংসদ ভিপি জয়নাল ফেনীতে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও দলটির সাবেক সহসভাপতি নুরুল আবছারকে সমর্থন দেন। আর সাইদ এস্কান্দারের নেতৃত্বাধীন বিএনপির জেলা কমিটি সমর্থন দেয় সদ্য বিএনপিতে যোগ দেওয়া ফারুক হারুনকে। দলীয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর মেয়র পদে নুরুল আবছারের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ভিপি জয়নাল ও মোশাররফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। অন্যদিকে সাইদ এস্কান্দারের নেতৃত্বাধীন জেলা কমিটি মেয়র পদে ফারুক হারুনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায়। পরে কেন্দ্র থেকে চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের যে তালিকা গণমাধ্যমে প্রকাশ করে, তাতে ফেনী সদরে আবছার ও ফারুক হারুন দুজনেরই নাম ছিল। ফলে বিএনপির প্রার্থী কে, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। নুরুল আবছার দাবি করেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৮ ডিসেম্বর খালেদা জিয়ার বরাত দিয়ে তাঁকে মেয়র পদে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্র থেকে প্রকাশ করা তালিকায়ও তাঁর নাম প্রথমে। সে হিসেবে তিনিই বিএনপির প্রার্থী। নুরুল আবছার বলেন, সাইদ এস্কান্দারের সদিচ্ছা থাকলে ফেনী বিএনপিতে ঐক্য হতে সময় লাগবে না। তিনি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ফেনীতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। অন্যদিকে ফারুক হারুন দাবি করেন, জেলা বিএনপি তাঁকে একক প্রার্থী করেছে। কেন্দ্রের তালিকায়ও তাঁর নাম আছে। তাই তিনিই বিএনপির প্রার্থী। জানা গেছে, সাইদ এস্কান্দারের সঙ্গে ভিপি জয়নাল ও মোশাররফের দ্বন্দ্ব পুরোনো। ২০০৩ সালে সাইদ এস্কান্দার জেলা কমিটির সভাপতি হতে চাইলে তাতে বাদ সাধেন জয়নাল ও মোশাররফ। তখন দুই পক্ষের সংঘর্ষে সম্মেলন পণ্ড হয়ে যায়। এর পরই দ্বন্দ্বটা প্রকাশ্যে রূপ নেয়। ২০০৯ সাল পর্যন্ত ফেনী জেলা কমিটি হয়নি। সর্বশেষ গত বছরের মাঝামাঝি আহ্বায়ক কমিটি করার উদ্যোগ নিলে দুই পক্ষই পৃথক কমিটি করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়। কেন্দ্র সাইদ এস্কান্দারের কমিটি অনুমোদন করে। নিজের করা আহ্বায়ক কমিটির অধীনে সাইদ এস্কান্দার সভাপতি হন।এ ব্যাপারে ভিপি জয়নাল প্রথম আলোকে বলেন, তাঁর সমর্থক অনেক যোগ্য নেতাকে কমিটিতে রাখা হয়নি। তবে জেলা কমিটি নিয়ে তিনি মাথা ঘামান না। নতুন কমিটিকে সফল হতে হবে। ব্যর্থ হলে দায় নিতে হবে। তবে সাইদ এস্কান্দার প্রথম আলোর কাছে ভিপি জয়নাল ও মোশাররফকে বিএনপির মূলধারার বাইরের বলে দাবি করেন। তিনি বলেন, ‘তারা এক-এগারোর পর মান্নান ভূঁইয়ার গলায় মালা দিয়েছিল।’ ২০০৪ সালে ফেনী পৌরসভা নির্বাচনে জেলা বিএনপির প্রার্থী করেছিল যুবদলের নেতা জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর ভিপি জয়নাল-মোশাররফের ঘনিষ্ঠ। ওই নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুল আবছারকে সমর্থন করেছিলেন সাইদ এস্কান্দার। নুরুল আবছার বিজয়ী হন। গত বছর আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সাইদ এস্কান্দারের সঙ্গে নুরুল আবছারের দূরত্ব তৈরি হয়। তাই এবার মেয়র পদে ভিপি জয়নাল সমর্থন করছেন নুরুল আবছারকে। ভিপি জয়নাল বলেন, ‘যতটুকু জানি, কেন্দ্র থেকে নুরুল অবছারকে সমর্থন দিয়েছে।’ আর সাইদ এস্কান্দারের দাবি, ফারুক হারুন কেন্দ্র ও জেলা বিএনপির মনোনীত প্রার্থী। বিএনপি কার্যালয় ভাঙার আসামি দলীয় প্রার্থী: ফেনীতে বিএনপির রাজনীতিতে বরাবরই পৌর এলাকার রামপুরের লোকজনের একটা বড় প্রভাব রয়েছে। বিএনপির দুই মেয়র প্রার্থীর বাড়িই রামপুরে। একজন সওদাগরবাড়ির নুরুল আবছার, অন্যজন পাটোয়ারী বাড়ির ফারুক হারুন। নেতৃত্ব নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই বাড়ির মধ্যে রেশারেশিও অনেক পুরোনো। সাইদ এস্কান্দার সভাপতি হওয়ার পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে পাটোয়ারী বাড়ির আধিপত্য বাড়ে। ফারুক হারুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। পৌর নির্বাচনে মনোনয়ন পেতেই সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে সাইদ এস্কান্দার বলেন, ‘তাতে কী। চট্টগ্রামে বিএনপির মেয়র তো আওয়ামী লীগ করতেন।’অবশ্য ফারুক হারুন দাবি করেন, তিনি কোনো দলেরই রাজনীতি করতেন না। বছর খানেক আগে বিএনপিতে যোগ দিয়েছেন।এ ছাড়া এক-এগারোর পর ফারুক হারুনের বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার বাদী বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন ফেরদৌস। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলফনামায় ফারুক হারুন এই মামলার কথা উল্লেখ করেননি। তাই তথ্য গোপনের অভিযোগে ফারুক হারুনের বিরুদ্ধে জেলা ছাত্রদলের সভাপতি আমান উদ্দিন কায়সার প্রথমে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ, পরে হাইকোর্টে রিট আবেদন করেন। ১৭ জানুয়ারি রিটের শুনানির দিন ধার্য আছে। সে পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। তবে ফেনীর ভোট গ্রহণের তারিখ হলো ১৮ জানুয়ারি। ফারুক হারুন দাবি করেন, বিএনপির কার্যালয় ভাঙার সঙ্গে তিনি জড়িত নন। যারা ভেঙেছিল, তাদের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন মাত্র। দুই হাজারীর লড়াই: স্থানীয় সূত্রগুলো জানায়, পতিত ‘গডফাদার’ জয়নাল হাজারীকে ফেনীর রাজনীতি থেকে নির্বাসনে পাঠিয়ে আওয়ামী লীগে একচ্ছত্র আধিপত্য এখন মেয়র প্রার্থী নিজাম হাজারীর। একসময়ের শিষ্যের কাছে রাজত্ব হারিয়ে জয়নাল হাজারী কিছুতেই মানতে পারছেন না। ফলে পৌর নির্বাচনে নিজাম হাজারীর প্রতিপক্ষ শুধু বিএনপি নয়, জয়নাল হাজারীও। নিজামের বিরোধিতা করে জয়নাল হাজারী তাঁর পত্রিকায় একাধিক লেখাও লিখেছেন। ফেনীতে এমনও কথা প্রচার আছে, নিজামকে ঠেকানোর জন্য জয়নাল হাজারী বিএনপির এক প্রার্থীর পক্ষ নিয়েছেন। আওয়ামী লীগের কর্মীদের ধারণা, জয়নাল হাজারীর সমর্থকেরা নিজাম হাজারীকে ভোট দেবেন না। কারণ নিজাম হাজারীর দাপটের মুখে গত দুই বছর জয়নাল হাজারী ফেনীতে মাথা তুলে দাঁড়াতে পারেননি।অভিযোগ আছে, হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করার যে প্রচেষ্টা, তার নেপথ্যেও জয়নাল হাজারীর সমর্থন রয়েছে। অবশ্য রিট আবেদনকারী ছাত্রদল নেতা আমান উদ্দিন কায়সার দাবি করেন, জয়নাল হাজারীর প্ররোচনায় নয়, দলের কার্যালয় ভাঙার বিষয়টি তাঁর সেন্টিমেন্টে আঘাত করেছে বলে রিট করেছেন।গত বুধবার রাতে ফেনীতে নিজ বাসায় হামলার ঘটনায় জয়নাল হাজারী গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নিজামকে দায়ী করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধৈর্য ধরেছি। যত দিন এ নির্দেশ থাকবে, তত দিন ধৈর্য ধরে থাকব।’ জয়নাল হাজারীর অভিযোগ, নিজাম দলের কাউকে প্রার্থী হতে দেননি। এ ছাড়া পাঁচ কাউন্সিলর প্রার্থীকে নিজাম মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছেন।নিজাম হাজারী চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতি করতেন। জয়নাল হাজারীই তাঁকে ১৯৯৬ সালের নির্বাচনের পর ফেনীর রাজনীতিতে নিয়ে আসেন। ২০০১ সালে জয়নাল হাজারী পালিয়ে ভারতে চলে গেলে আস্তে আস্তে দলের ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণ নিজামের হাতে চলে যায়। বর্তমানে ফেনী আওয়ামী লীগে নিজাম হাজারীর কোনো পদ নেই। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নিয়ন্ত্রণ পুরোপুরি তাঁর হাতে। নিজাম হাজারী প্রথম আলোকে বলেন, ‘জয়নাল হাজারী আওয়ামী লীগের রাজনীতি করার সময় তাঁর পেছনে সবাই ছিল। তিনি সবাইকে সন্ত্রাসের কাজে ব্যবহার করেছেন। এখন দলে তাঁর কোনো পদ নেই, লোকজনও নেই। তিনি যাদের সন্ত্রাসে ব্যবহার করতেন, আমি তাদের সংশোধন করেছি।’ তিনি অভিযোগ করেন, জয়নাল হাজারী ২০০১ সালের পর পৌরসভা, উপজেলা এমনকি গত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ঠেকানোর জন্য প্রতিপক্ষের পক্ষে কাজ করেছেন।