যশোর বিএনপির রাজনীতিতে প্রবল আধিপত্য তাঁর। ভাসানী (ন্যাপ) ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এই আধিপত্য ধরে রেখেছেন। সরকার বা বিরোধী দল—যে অবস্থানেই থাকুন না কেন, নিজের অবস্থানে কখনো তেমন তারতম্য ঘটাতে দেননি তিনি।তিনি একজন রাজনীতিবিদ, তরিকুল ইসলাম। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, আজকের এই অবস্থানে আসতে তরিকুল ইসলামকে কাঁটা বিছানো পথ মাড়িয়ে আসতে হয়েছে। নিতে হয়েছে অনেক নিষ্ঠুর সিদ্ধান্ত। যশোরে ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ উদীচী হত্যা মামলা থেকে অধুনালুপ্ত রানার পত্রিকার সম্পাদক সাইফুল আলম ওরফে মুকুল হত্যা মামলায় আসামি হয়েছেন তিনি। অভিযোগপত্রেও তাঁর নাম ছিল। তবে বিগত সরকারের আমলে আদালতের মাধ্যমে তিনি অব্যাহতি পান। তিনি অবশ্য এসব মামলাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্রমূলক’ বলেছেন। তিনি মনে করেন, এ-জাতীয় মামলা করা হয় রাজনীতিবিদদের ভাবমূর্তি নষ্ট করার জন্য।তরিকুল ইসলাম এসব হত্যাকাণ্ডে জড়িত থাকুন আর না-ই থাকুন, তাঁকে ঘিরে তৈরি হয়েছে ভয়ের ঘেরাটোপ। নিজের চলার পথ নিষ্কণ্টক করার জন্য দীর্ঘদিনের বন্ধু-সহযোদ্ধাদের ছেড়ে আসার অজস্র দৃষ্টান্ত তাঁর প্রতি ভয়ের মাত্রা বাড়িয়েছে। রাজনীতিতে পরিবারের সদস্যদের প্রতিষ্ঠিত করতে গিয়ে হালে তিনি নিজেও দলের নেতা-কর্মীদের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন।তরিকুল ইসলাম অবশ্য তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ মানতে নারাজ। তিনি বিএনপিতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার কোনো চেষ্টাই করছেন না দাবি করে বলেন, ‘আমার স্ত্রী নার্গিস ও ছেলে অমিত জেলা বিএনপির নির্বাহী সদস্য মাত্র। অমিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করে এসেছে। অমিতের মা ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিল। আমরা যখন ভাসানী (ন্যাপ) বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলাম, তখন থেকেই দলের নেতা-কর্মীরা নার্গিসকে আরও বড় দায়িত্ব নিতে অনুরোধ করে আসছেন। তবু সে কোনো দায়িত্ব নেয়নি। তার পরও বিএনপিতে আমার একাধিপত্য বা পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হলো কীভাবে?’তরিকুল ইসলামের এসব কথাকে বিএনপির নেতা-কর্মীরা ‘ভালো কথার ফুলঝুরি’ বলে আখ্যায়িত করেন। তাঁদের অভিযোগ, নেতৃত্বে তরিকুলের সমকক্ষ হতে পারার মতো কাউকে তিনি বিএনপিতে টিকতে দেননি। তাঁর একাধিপত্যের কারণে ভাসানী (ন্যাপ) থেকে বিএনপিতে আসা মনিরুল হুদা দীর্ঘদিন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এখন রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে বাধ্য হয়েছেন। নিরাপত্তাহীনতার বোধ থেকে বর্তমানে যশোর ছেড়ে ঢাকায় বসবাস করছেন তিনি।বিএনপির নেতা-কর্মীরা তরিকুলের বিরুদ্ধে দলে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ করলেও তাঁদের কেউ-ই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। বিএনপির নেতা-কর্মীদের ভয় পাওয়ার প্রমাণ পাওয়া গেল যশোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হুদার সঙ্গে আলাপ করতে চাওয়ার পর। মনিরুল হুদার বাসায় যাওয়ার অনুমতি চেয়ে একদিন ফোন করা হলে তিনি জানতে চাইলেন, ‘কী বিষয়?’ তরিকুল ইসলাম প্রসঙ্গ বলামাত্রই তিনি এড়িয়ে গেলেন। বললেন, ‘ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা।’পরে আবার যোগাযোগ করা হলে তরিকুলের দুই বন্ধু সাংসদ খালেদুর রহমান টিটো ও আওয়ামী লীগের নেতা আলী রেজা রাজুর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন মনিরুল হুদা। এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে অনুসন্ধানে জানা গেছে, তরিকুলের সঙ্গে নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই তাঁর শৈশবের প্রিয় দুই বন্ধু টিটো ও রাজু বিএনপিতে যোগ দিয়ে দল ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।তরিকুল ইসলাম বলেন, ‘দলে মনিরুল হুদার নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ আমার নিজের কাছেই রহস্যাবৃত।’ তাঁর ভয়ে মনিরুল হুদা যশোর ছেড়ে গেছেন কি না, জানতে চাইলে তরিকুল বলেন, ‘এটা হতেই পারে না। মনিরুল একজন আইনজীবী এবং পেশাগত কারণে তিনি বর্তমানে ঢাকায় থাকলেও তাঁর পরিবার-পরিজন তো যশোরেই আছে। মনিরুল নিজেও নিয়মিত আসা-যাওয়া করেন।’রাজু ও টিটোর বিএনপি ছেড়ে যাওয়ার কারণ সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া বলে জানালেন তরিকুল ইসলাম। তিনি বলেন, রাজু মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু টিটো মনোনয়ন পেয়েছিলেন। যদিও প্রত্যাশিত যশোর-৩ (সদর) আসনে মনোনয়ন পাননি বলে দল ছেড়ে গেছেন। তাঁর দাবি, সংসদ নির্বাচনে কাউকে মনোনয়ন দেওয়া না দেওয়ার ক্ষমতা তাঁর হাতে থাকে না। এটি সরাসরি দলের চেয়ারপারসনের এখতিয়ারে থাকে।তরিকুলের এ বক্তব্যকে ‘অর্ধসত্য’ বললেন রাজু। তিনি জানান, ১৯৯৬ সালে যশোরের যেকোনো একটি আসনে তাঁকে মনোনয়ন দিতে অনুরোধ করেছিলেন এবং তরিকুল চাইলেই তিনি মনোনয়ন পেতেন। মনোনয়ন না পেয়ে রাজু চলে গেলেন আওয়ামী লীগে এবং যশোর সদর আসনে নির্বাচন করে তরিকুলকেই পরাজিত করেন। তখনো টিটো ছিলেন জাতীয় পার্টিতে এবং এর বেশ কয়েক বছর পর বিএনপি হয়ে আওয়ামী লীগে যোগ দেন। ’৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাজু ৭৫ হাজার ৭৬৯ ভোট, বিএনপির প্রার্থী তরিকুল ৬৫ হাজার ৬৩৪ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী টিটো ৬৫ হাজার ৩৭৩ ভোট পান।জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বে থাকা অবস্থায় টিটো বিএনপিতে যোগ দেন এবং ২০০১ সালের নির্বাচনে তাঁর প্রত্যাশিত যশোর সদর আসনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে দেন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর ২০০৬ সালের ৫ মার্চ আওয়ামী লীগে যোগ দেন এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-৩ (সদর) আসনে তরিকুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হন।তরিকুল ইসলাম নির্বাচনে পরাজিত হলেও যখনই তাঁর দল বিএনপি ক্ষমতায় গেছে, তখনই তাঁকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করা হয়েছে। ’৮২ সালের ৫ মার্চ প্রথমে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হন। ’৯১ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ’৯২ সালে এ মন্ত্রণালয়েরই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। একই সময়ে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও পালন করেন এবং পরে আবার এ মন্ত্রণালয়েরও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালের নির্বাচনে তরিকুল ৪০ হাজার ভোটের ব্যবধানে রাজুকে পরাজিত করে যশোর-৩ আসনের সাংসদ নির্বাচিত হন। তাঁর দলের মন্ত্রিসভা গঠিত হলে প্রথমে খাদ্যমন্ত্রী, তারপর তথ্যমন্ত্রী এবং সর্বশেষ বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পান। প্রত্যেক বারই ক্ষমতা ছাড়ার পর তাঁর নামে কোনো না কোনো দুর্নীতির মামলা হয়েছে। অভিযোগ আছে, তরিকুল ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার ও দুর্নীতি করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন।সর্বশেষ সাবেক চারদলীয় জোট সরকারের পরিবেশ ও বনমন্ত্রী থাকাকালে তরিকুল ইসলামের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ বিক্রি করে সরকারের তিন কোটি ২১ লাখ ৪২ হাজার টাকার রাজস্ব ক্ষতি করার অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনায় তরিকুলের সঙ্গে ওই মন্ত্রণালয়ের তখনকার সচিব জাফর আহমেদ চৌধুরী ও সাবেক প্রধান বন সংরক্ষক এম আনোয়ারুল ইসলামের যোগসাজশ ছিল বলে দুদক জানিয়েছিল। নিয়মানুযায়ী, প্রকাশ্য নিলামে কাঠগুলো বিক্রি করার কথা থাকলেও তাঁরা তা করেননি। এ ছাড়া চার কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮১৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে তরিকুল ইসলাম, তাঁর স্ত্রী নার্গিস ইসলাম, ছেলে সুমিত ইসলাম, অমিত ইসলাম ও সুমিতের স্ত্রী লামিয়া শারমিনের নামে আদালতে মামলা রয়েছে। ত্রাণের টিন আত্মসাতের অভিযোগেও তরিকুলসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, যা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।