বিএনপিতে দ্বন্দ্বের অবসান আ.লীগ ব্যস্ত সমঝোতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের কোন্দলের অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে। ১৫ জুনের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের পক্ষে মাঠে নেমেছেন তাঁর প্রতিপক্ষ হিসেবে পরিচিত বরিশাল-৫ আসনের দলীয় সাংসদ মো. মজিবর রহমান সরোয়ার।অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যস্ত বরিশাল মহানগর যুবলীগ থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক খানের সঙ্গে সমঝোতায়। যাতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের পক্ষে কাজ করেন। তবে গতকাল সোমবার পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।মাহমুদুল হক খান প্রথম আলোকে বলেন, ‘এখন আর সমঝোতার কোনো সম্ভাবনাই নেই।’এদিকে সমঝোতা-দ্বন্দ্ব নিরসনের চেষ্টার পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। গতকালও আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন।মজিবরের কর্মীরা তেমন মাঠে নেই: বিএনপির জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে সাংসদ মজিবর ও মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের দ্বন্দ্ব এতটাই প্রকাশ্য হয়েছিল যে পরিণতিতে হামলা-মামলা ও খুনখারাবি পর্যন্ত ঘটেছে। তবে এখন সংকট আছে বলে মানতে নারাজ দুজনই। আহসান হাবিবের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন মজিবর। তিনি প্রতিদিনই আহসান হাবিবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে মজিবরের অনুসারীদের তেমন মাঠে দেখা যাচ্ছে না।সাংসদ মজিবর প্রথম আলোকে বলেন, ‘বিএনপির মতো বড় দলে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে বৃহত্তর স্বার্থে আমরা সব সময়ই ঐক্যবদ্ধ আছি।’দ্বন্দ্বের অবসান হয়েছে দাবি করে আহসান হাবিব বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’মাহমুদুলের সঙ্গে সমঝোতার চেষ্টা: আওয়ামী লীগের সব পক্ষই মাঠে আছে। মাঠে নেমেছেন আবুল হাসানাত আবদুল্লাহও। তিনি গত দুই দিন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকতের সঙ্গে গণসংযোগ করেন। ‘বিদ্রোহী’ প্রার্থী মাহমুদুলকে নির্বাচন থেকে সরিয়ে আনার চেষ্টায়ও যুক্ত হয়েছেন তিনি।গতকাল সকালে শওকত গিয়েছিলেন মাহমুদুলের বাসায়। মাহমুদুল গতকাল বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ কথা বলেন। সিটি করপোরেশন নির্বাচন তদারকির জন্য বর্তমানে বরিশালে অবস্থান করা নাছিম বলেছেন, সমঝোতার একটি সম্ভাবনা এখনো রয়ে গেছে।