বিএনপিতে ফের সক্রিয় দেলোয়ারের পক্ষ-বিপক্ষ
বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে অবস্থান পাকাপোক্ত করতে দলে দেলোয়ারপন্থী ও তাঁর বিরোধী হিসেবে পরিচিতরা আবার সক্রিয় হয়ে উঠেছে। ৩১ জুলাই দলের জাতীয় নির্বাহী কমিটির বৈঠক সামনে রেখে কমিটির সদস্য ও জেলা সভাপতিদের কাছে ধরনা দিচ্ছে তারা। বিএনপি জানিয়েছে, চলমান পরিস্থিতিতে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ ও সাংগঠনিক অবস্থা নিরূপণে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সব জেলা কমিটির সভাপতির উপস্থিতিতে সাংগঠনিক কাজে নিয়োজিত নেতারা তৃণমূলে তাঁদের অবস্থান সম্পর্কে শীর্ষ নেতৃত্বকে অবহিত করার সুযোগ পাবেন। তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত দলে কোন নেতার অবস্থান কী, তা নির্বাহী কমিটির বৈঠকে উঠে আসবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলের সাংগঠনিক দায়িত্বে আছেন। তাই সাংগঠনিক অবস্থার খারাপ বা ভালো, যে চিত্রই উঠে আসুক না কেন, তার দায় তাঁকেই নিতে হবে। ফলে তাঁর অনুসারী নেতারা জেলা সভাপতিদের পক্ষে টানার জন্য চেষ্টা করছেন। আর বিরোধীরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে খোন্দকার দেলোয়ারকে দুর্বল দেখাতে জেলা নেতাদের পক্ষে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সূত্র জানায়, বছরের শুরুতে দলের কমিটি গঠনকে কেন্দ্র করে দেলোয়ারপন্থী ও তাঁর বিরোধীরা সক্রিয় হয়ে ওঠে। ওই সময় বিএনপির মহাসচিব পদ নিয়ে দুই পক্ষের বিরোধ দেখা দেয়। এরপর ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিরোধিতা আবার প্রকাশ্য রূপ নেয়। সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেলোয়ারপন্থী হিসেবে পরিচিত। আবার স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন দেলোয়ারবিরোধী হিসেবে পরিচিত। স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য খন্দকার মোশাররফের পক্ষে। আবার দলের সাংগঠনিক দায়িত্বে নিয়োজিতদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেলোয়ারবিরোধী বলে মনে করা হয়। আর যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে মনে করা হয় দেলোয়ারপন্থী। কেন্দ্রীয় নেতারা জানান, মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ারের দলের সাংগঠনিক দায়িত্বে থাকার কথা। কিন্তু দলের সাংগঠনিক অবস্থা দেখার দায়িত্ব খালেদা জিয়া মির্জা ফখরুলকে দিয়েছেন। এতে মহাসচিবের সঙ্গে তাঁকে মুখোমুখি দাঁড়াতে হয়। সম্প্রতি মির্জা ফখরুল কয়েকটি বৈঠক করে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। তিনি ৩০ আগস্টের মধ্যে সব কমিটি গঠনের জন্য নির্দেশও নিয়েছেন। এ অবস্থায় দলে দুই পক্ষই নিজেদের অবস্থান খালেদা জিয়ার সামনে তুলে ধরতে নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতিদের পক্ষে টানার চেষ্টা করছে বলে জানা গেছে। নির্বাহী কমিটির বৈঠক নিয়ে কেন্দ্রীয় নেতাদের বিভাজনের বিষয়টি দলের গুরুত্বপূর্ণ নেতারা অবহিত আছেন বলে প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। তবে তাঁরা বিষয়টিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তাঁদের যুক্তি, নেতৃত্বের প্রতিযোগিতা দলকে শক্তিশালী করবে। তবে স্থায়ী কমিটির একজন সদস্য স্বীকার করেন, ‘জেলা নেতারা এ নিয়ে বিব্রত। তাঁরা আমাদের কাছে করণীয় জানতে চেয়েছেন।’ তিনি বলেন, তৃণমূল নেতারা কারও পক্ষে বা বিপক্ষে থাকতে চান না। দলের অবস্থান সম্পর্কে কেন্দ্রকে অবহিত করতে যেটুকু বলা প্রয়োজন, কেবল সেটুকু বলতে চায়। জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, এ ধরনের বৈঠকে ব্যক্তির পক্ষে-বিপক্ষে উসকে দেওয়ার চেষ্টা হয়ে থাকে। তবে জেলার নেতারা এখন অনেক সচেতন। তাঁরা ফাঁদে পড়ে কারও বিরাগভাজন ও আস্থাভাজন হওয়ার চেষ্টা করবেন না। কারণ তাঁরা জানেন, তাঁদের বক্তব্যের কারণে আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলে নেতৃত্বের পরিবর্তন হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক জেলা সভাপতি প্রথম আলোকে বলেন, নির্বাহী কমিটির বৈঠকে সাংগঠনিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভালো-মন্দের দায়-দায়িত্ব মহাসচিবকেই নিতে হয়। ওই নেতারা বলেন, দলের মহাসচিবের অনুসারী একজন যুগ্ম মহাসচিব টেলিফোনে তাঁদের সঙ্গে আলোচনা করেছেন। বর্তমান মহাসচিবের পক্ষে কথা বলার জন্যও বলেছেন। আবার বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এমন কয়েকটি জেলার আহ্বায়ককে সাংগঠনিক অবস্থা বেহাল—এমন বক্তব্য তুলে ধরে মহাসচিবের কাঁধে দায় চাপিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছেন দলের স্থায়ী ও নির্বাহী কমিটির কয়েকজন সদস্য। সম্ভাব্য বক্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছে দুই পক্ষই। মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ বলেন, কারও ব্যক্তিস্বার্থে কোনো কাজ তিনি করবেন না। বাগেরহাট জেলার সভাপতি এম এ সালাম বলেন, আমি কেবল দলের সাংগঠনিক অবস্থা ও নিজ জেলায় দলীয় কর্মসূচি পালনের সমস্যা তুলে ধরব।যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এখানে ব্যক্তিস্বার্থে কিছু করা হলে তা হবে অনভিপ্রেত।