বিএনপিপন্থী আইনজীবীদের জামিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসকক্ষে বিশৃঙ্খলার ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া ও নাজেহাল করার অভিযোগে করা পৃথক দুটি মামলায় বিএনপিপন্থী আইনজীবীদের করা জামিন আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ খারিজের আদেশ দেন।২ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এজলাসকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। মুফতি ফজলুল হক আমিনীর মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রসঙ্গ আদালতের অভিমতে এলে বিএনপিপন্থী আইনজীবীরা এতে জোর আপত্তি জানান। ওই ঘটনায় ওই দিন রাতে শাহবাগ থানায় ১৪ বিএনপি-সমর্থক ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করে। এরপর ৫ আগস্ট ১৩ আইনজীবী হাইকোর্টে জামিনের আবেদনে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি শুনানিতে বিব্রতবোধ করেন। পরে প্রধান বিচারপতি আবেদনটি শুনানির জন্য ওই বেঞ্চ পাঠান। যদিও সাংসদ আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে ৪ আগস্ট গ্রেপ্তার করা হয়। আর পুলিশকে হত্যা চেষ্টার অভিযোগে ৫ আগস্ট রাতে মামলা করা হয় নয়জন আইনজীবীর বিরুদ্ধে। পৃথক দুই মামলায় মোহাম্মদ আলীসহ নয়জন আইনজীবীর জামিন আবেদনের ওপর গতকাল শুনানি হয়।