বিএনপির অনেকে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে বর্তমানে ২৯টি জঙ্গি সংগঠন সক্রিয়। এদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগ আছে। এসব জঙ্গি সংগঠন যেকোনো সময় দেশে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে। অথচ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকালের সমাবেশে বলেছেন, দেশে জঙ্গি বা যুদ্ধাপরাধী নেই। তার দলে কেউ কেউ জঙ্গি বা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত বলেই তিনি এ কথা বলেছেন।আজ বুধবার জাতীয় জাদুঘর মিলনায়তনে শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাশেদ খান এ কথা বলেন। শেখ হাসিনা চেতনা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস সামাদ, ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেনসহ প্রমুখ।