বিএনপির অপপ্রচারের জবাব দিতে নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে সরকারের নেওয়া কর্মসূচি মানুষের কাছে তুলে ধরা এবং বিরোধী দলের মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দেওয়ার জন্যে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার গণভবনে আওয়ামী লীগের প্রচার, প্রকাশনা এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের দুদিনব্যাপী কর্মশালা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা পুলিশ দিয়ে বিরোধী দলের কার্যালয় ঘেরাওয়ের অভিযোগের জবাবে বলেন, ‘বিরোধী দলের নেত্রী রাত নয়টায় তাঁর কার্যালয়ে আসেন। রাত একটা-দেড়টা পর্যন্ত কার্যালয়ে অবস্থান করেন। একদিন গভীর রাতে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সঙ্গে নিয়ে কালো কাচে ঘেরা গাড়িতে করে সেনানিবাসের বাসায়ও গেছেন। যেহেতু বিরোধী দলের নেত্রী এত রাত অবধি দলীয় কার্যালয়ে অবস্থান করেন এবং যাতায়াত করেন, তাই তাঁর নিরাপত্তার বিষয়টি সরকারকে ভাবতেই হয়।’ তিনি বলেন, পুলিশ বিরোধীদলীয় নেত্রীর কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করেছে। আর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ আওয়ামী লীগের অফিসে ঢুকে দফায় দফায় নেতা-কর্মীদের মারধর করেছে এবং ধরে নিয়ে গেছে।আওয়ামী লীগের প্রচার উপকমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ উল আলম লেনিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে সব সময়ই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলতে হয়েছে। আইয়ুব খান থেকে শুরু করে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবাই আওয়ামী লীগের ওপর বারবার আঘাত হেনেছে। কিন্তু যতবার দুঃসময় এসেছে, আওয়ামী লীগের নেতা-কর্মী এবং অগণিত সমর্থক দলকে টিকিয়ে রেখেছে।’ শেখ হাসিনা বলেন, ‘আজ যখন সর্বোচ্চ আদালত বেগম জিয়াকে ক্যানটনমেন্টের বাড়ি দেওয়া অবৈধ বলে রায় দিয়েছেন, তখন মানবিকতার প্রশ্ন তোলা হচ্ছে।’ তিনি বলেন, মানবিক কারণেই বেগম জিয়ার উচিত ক্যানটনমেন্টের বাড়ি ছেড়ে দেওয়া। কারণ অনেক সেনা অফিসারেরই আবাসন-সমস্যা মেটানো সম্ভব হচ্ছে না। তিনি যদি সেই বাড়ি ছেড়ে দেন, তাহলে সেনাবাহিনীর অনেক অফিসারেরই আবাসন-সমস্যার সমাধান করা সম্ভব হবে। তা ছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি সরকারের কাছ থেকে একটার বেশি বাড়ি বা প্ল¬ট পেতে পারেন না।বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে কখনোই বলা হয়নি ১০ টাকা কেজি চাল খাওয়াব, বিনা মূল্যে সার দেব। বলা হয়েছে, আমরা ৯৬ সালে যখন ক্ষমতা হস্তান্তর করি, তখন চালের দাম ছিল ১০ টাকা। এই চালের দাম কীভাবে ৪৫ টাকা হলো। সারের মূল্য কমানোর অঙ্গীকার আমরা করেছিলাম। কয়েক দফায় সারের দাম কমানো হয়েছে। কৃষক এখন প্রায় বিনা মূল্যেই সার পাচ্ছেন। এ ছাড়া আমাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী চালসহ প্রতিটি জিনিসের দাম কমানো হয়েছে।’শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর দীর্ঘদিন নির্বাসন শেষে দেশে ফিরে এসে আমাদের থাকার মতো কোন জায়গা ছিল না। এমনকি ৩২ নম্বরের বাড়িতেও আমাদের ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম। তখন জিয়াউর রহমান বলেছিল, ৩২ নম্বর বাড়িটি দেওয়া যাবে না। ইচ্ছা করলে আমরা অন্য একটি বাড়ি নিতে পারি। তখন আমি পরিষ্কার ভাষায় বলেছিলাম, যার হাতে রক্ত তার কাছ থেকে আমরা কোন সাহায্য-সহযোগিতা নিতে চাই না।’বাসস