প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ‘অপপ্রচারে পারদর্শী’। তাই সরকারের সফলতার প্রচার করতে হবে ও তাদের অপপ্রচারের জবাব দিতে হবে। তা না হলে জনগণ বিভ্রান্ত হবে। সরকার নির্বাচনী ইশতেহার ভুলে যায়নি মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেক মন্ত্রীর কাছে ইশতেহার রয়েছে। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।নির্বাচনের আগে আওয়ামী লীগ চালের দাম কেজিপ্রতি ১০ টাকা করার অঙ্গীকার করেছিল—বিরোধী দলের এই অপপ্রচারের জবাব দিতে তৃণমূল নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলের প্রতি আমার প্রশ্ন, আমরা ১০ টাকা কেজির চাল রেখে এলাম। সেটা ৪০ টাকা কেজি হলো কেন?’ তিনি বলেন, ‘১০ টাকা চাল খাওয়ানোর কথা বলিনি, এটা আমাদের ইশতেহারে নেই। বলেছি, চালের দাম কমাব, কমিয়েছি। আরও কমাব।’গতকাল শুক্রবার গণভবনে জেলা পর্যায়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রচারের ওপর গুরুত্বারোপ করে জেলা পর্যায়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মুখে মুখে প্রচার সবচেয়ে কার্যকর। এটা মানুষের মুখে ঢুকে যায়। নির্বাচনে জনগণ কেন আমাদের ভোট দিল? কেন আমাদের ওপর আস্থা রাখল? আমাদের একটু ভেবে দেখতে হবে।’আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘বিদ্যুতের সমস্যা বিএনপি সৃষ্টি করে গেছে। তারা যদি বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে যেত, তাহলে এখন আর এ অবস্থা হতো না। আমরা প্রতিটি ক্ষেত্রে পশ্চাৎপদতা পেয়েছি। কোনো ক্ষেত্রে অগ্রগতি পাইনি।’ প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে আসে, তখন বিদ্যুৎ উৎপাদন হতো চার হাজার ৩০০ মেগাওয়াট। আর এবার যখন মহাজোট সরকার ক্ষমতায় আসে, তখন বিদ্যুতের উৎপাদন ছিল তিন হাজার ১০০ মেগাওয়াট। দুই দিনব্যাপী এ কর্মশালা শেষে ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে এ রকম কর্মশালা করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান। এখানে গণতন্ত্রের চর্চা করতে হবে। তিনি বলেন, ‘যখন বিরোধী দলে থাকি, তখন পুরো সময় দলের জন্য দেওয়া যায়। সরকারে থাকলে সেভাবে সময় দেওয়া যায় না।’ শেখ হাসিনা প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে দলের স্থায়ী কার্যালয় করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, এসব কার্যালয় সব সময় খোলা রাখতে হবে।সরকার চলছে না বলে যাঁরা সমালোচনা করেন, তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার যদি না চলে, তবে উন্নয়ন প্রকল্প কীভাবে বাস্তবায়িত হচ্ছে।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অস্ত্র চোরাকারবারি—এগুলো ছিল তাদের উন্নতি। তাদের ব্যর্থতার বোঝা পড়ে গেছে এ সরকারের কাঁধে। তবে তাঁর সরকার বসে নেই, কাজ করে যাচ্ছে। বিরোধী দলের আন্দোলনের হুমকি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং মামলায় জড়িত পুত্র, সন্ত্রাসী, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বাঁচানো এবং বাড়ি রক্ষা নিয়ে বিরোধী দলের তোলপাড়, আন্দোলন। এটাই তাদের রাজনীতি। খালেদা জিয়া মানবতার ডাক দেন, মানবতার কথা চিন্তা করে ভদ্রভাবে বাড়ি ছেড়ে দেওয়া উচিত। সেনা কর্মকর্তাদের আবাসন সমস্যা, আর সেখানে তিনি ১০ বিঘার বাড়ি দখল করে রেখেছেন। সে সময় মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল একটি বাড়ি জিয়া পরিবারকে দেওয়ার। গুলশানে একটি বাড়ি তাঁকে দেওয়া হয়েছে। কিন্তু এরশাদ সাহেবের সঙ্গে দহরম মহরম করে তিনি এই বাড়ি নিয়েছেন।সম্প্রতি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেত্রী রাত ৯-১০টার পর অফিসে যান। থাকেন রাত তিন-চারটা পর্যন্ত। তাঁর নিরাপত্তার জন্য তাঁদের অফিসের আশপাশে র্যা ব-পুলিশ তো ঘুরতেই পারে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম। স্বাগত বক্তব্য দেন নূহ-উল-আলম লেনিন।দুই দিনব্যাপী এই কর্মশালায় সাতটি পর্ব আছে। আজ দ্বিতীয় দিন সকাল নয়টায় কর্মশালা শুরু হবে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।