বিএনপির আইনজীবী ও নেতাদের নানা তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি রক্ষায় দিনভর চেষ্টা চালান বিএনপিপন্থী আইনজীবী ও বিএনপির নেতারা। গতকাল খালেদা জিয়ার আইনজীবীরা সকালে দেখা করেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে দফায় দফায় ব্রিফিং, বৈঠক ও বাইরে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপির দলীয় আইনজীবীরা।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে হেয়ার রোডের বাসভবনে দেখা করেন আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ এবং সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজা।সেখানে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের সঙ্গে আমাদের কথা হয়েছে। পুলিশ বাড়ির আঙিনায় অবস্থান নিয়ে ঘেরাও করে রেখেছে। তিনি আমাদের বলেছেন, আমাদের পরামর্শ ছাড়া তিনি বাড়ি থেকে বের হবেন না।’এরপর সুপ্রিম কোর্টে সমিতির সভাপতির কক্ষে ব্রিফিংয়ে রফিক-উল হক বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। যতক্ষণ পর্যন্ত লিভ টু আপিল শুনানি না হচ্ছে, ততক্ষণ খালেদা জিয়াকে ডিস্টার্ব করা যাবে না। প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে এ ধারণা হয়েছে।’ মওদুদ আহমদ বলেন, মামলাটি বিচারাধীন। এ অবস্থায় সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না। সরকার কোনো পদক্ষেপ নিলে সেটা সুপ্রিম কোর্টের প্রতি অবমাননা হবে।কয়েক মিনিট পর আবার ব্রিফিংয়ে রফিক-উল হক বলেন, ‘খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যাবেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আইএসপিআর যা বলেছে, সেটা মিথ্যা।’ খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমকর্মীদের ডেকে নিয়ে বলেন, ‘এ ধরনের (আইএসপিআরের তথ্য) সংবাদ প্রচার না করতে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানকে বলেন।’বৈঠকের পর বেলা সোয়া একটার দিকে সমিতির দক্ষিণ হলে এক ব্রিফিংয়ে বেগম জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেন, প্রধান বিচারপতির আশ্বাস সত্ত্বেও খালেদা জিয়ার বাড়ির দরজা ভেঙে তাঁকে উচ্ছেদ করা হচ্ছে। এতে মনে হচ্ছে, বর্তমান সরকারের আমলে প্রধান বিচারপতির কোনো সম্মান নেই।এরপর একটি চিঠি নিয়ে মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন, মাহবুবউদ্দিনসহ বিএনপির আইনজীবীরা ঢাকা সেনানিবাসের উদ্দেশে রওনা দেন। বেলা দুইটা ১০ মিনিটে আইনজীবীরা জাহাঙ্গীর গেটে ওই কাগজ নিয়ে গিয়ে বলেন, প্রধান বিচারপতি বলেছেন, ২৯ নভেম্বর পর্যন্ত খালেদাকে বাড়ি ছাড়তে হবে না।আইনজীবীরা চিঠিটি নিয়ে ভেতরে ঢুকতে চাইলে সেনা কর্মকর্তারা বলেন, আদালতের আদেশের কপি ছাড়া অন্য কোনো কাগজ তাঁরা গ্রহণ করবেন না। চিঠিটি ছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাডের। তাতে আদালতের কোনো বক্তব্য ছিল না।বিএনপির নেতাদের তৎপরতা: সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর সকাল ছয়টায় ক্যান্টনমেন্টের ৬ নম্বর মইনুল রোডের বাসাটি বুঝে নিতে যায়। এ খবর ছড়িয়ে পড়লে সকাল আটটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন অপেক্ষাকৃত তরুণ নেতা সেনানিবাসের জাহাঙ্গীর গেটে জড়ো হন। এরপর মহিলা দলের কয়েকজন নেতা সেখানে যান। টেলিভিশনের ক্যামেরার সামনে কয়েকবার তাঁরা স্লোগান দিলেও বেশির ভাগ সময় নিশ্চুপ বসে থাকেন। জাহাঙ্গীর গেটে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কেবল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখা গেছে। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী, মজিবর রহমান সরোয়ার, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ স্থায়ী ও নির্বাহী কমিটির নেতারা ছিলেন নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। রাজপথে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল খুবই কম।সকাল ১০টার দিকে খোন্দকার দেলোয়ার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, খালেদাকে গৃহবন্দী করা হয়েছে। আইএসপিআরের বক্তব্য মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চলছে।বেলা একটার পর খোন্দকার দেলোয়ার হোসেন আরেক দফা সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়ানোর প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়া তখনো বাড়িতেই ছিলেন।খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সচিব শামসুর রহমান (শিমুল বিশ্বাস) কয়েক দফা সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান বিচারপতির কাছ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বাড়ি ছাড়তে হবে না, এমন একটি স্থগিতাদেশ আনা হয়েছে। তবে পরে এ ধরনের কোনো স্থগিতাদেশ তাঁরা দেখাতে পারেননি।