বিএনপির আগাম দুঃখ প্রকাশ
আগামীকাল বুধবার ঢাকা বিভাগীয় মহাসমাবেশের কারণে সৃষ্ট ভোগান্তির জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে মহাসমাবেশ আয়োজনের প্রধান সমন্বয়কারী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার বিশাল মহাসমাবেশ উপলক্ষে কাল নগরবাসীকে কয়েক ঘণ্টার জন্য ভোগান্তিতে পড়তে হবে। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’সংবাদ ব্রিফিংয়ে নজরুল ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ মহাসমাবেশে বাধা দিতে নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। তারা বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। এমনকি বিভিন্ন জেলা থেকে বাস ভাড়া করতেও বাধা দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, খালেদা জিয়ার এই মহাসমাবেশ থেকে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।