বিএনপির আজ সারা দেশে বিক্ষোভ, বুধবার ঢাকায় গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও আগামী বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে চারটা পর্যন্ত গণ-অনশন।গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলা, হরতালে সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার, হামলা-মামলা ও ভ্রাম্যমাণ আদালত দিয়ে কারাদণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ফারুকের ওপর নৃশংস হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। শুধু বিরোধী দল যাতে সরকারের বিরুদ্ধে কর্মসূচি পালন করতে না পারে সে জন্যই এই হামলা। তিনি বলেন, বর্তমানে দেশে ভয়াবহ সার্বিক সংকট সৃষ্টির ষোল আনা দায় আওয়ামী লীগ সরকারের। এ জাতি ও দেশের মানুষ কোনো বাড়াবাড়ি পছন্দ করে না, অন্যায় মেনে নেয় না।আগামী রোববার থেকে ধর্মভিত্তিক ও সমমনা ১২টি দলের ডাকা ৩০ ঘণ্টার হরতালে সমর্থন আছে কি না, জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘একই দাবিতে আমরা ৪৮ ঘণ্টার হরতাল করেছি। তাই তাদের হরতালে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’ মাঠে থাকবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সমর্থন দিলে সব সময় মাঠে থাকতে হবে এমন কথা নেই। আবার শুধু সমর্থন দিয়ে বসে থাকব তাও নয়।’নবম সংসদের নবম অধিবেশন ঐতিহাসিক হয়ে থাকবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের ইতিহাসে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি (যেদিন বাকশাল গঠন হয়) এবং ৩০ জুন (যেদিন পঞ্চদশ সংশোধনী পাস হয়) কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রয়োজনে মক্কা গিয়ে আলোচনা হবে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উনার বোধহয় মক্কা যাওয়ার সময় হয়ে গেছে।মির্জা ফখরুল বলেন, ‘টানা ৪৮ ঘণ্টা হরতাল পালন করে জনগণ পঞ্চদশ সংশোধনী প্রত্যাখ্যান করেছে। হরতালে অসংখ্য নেতা-কর্মী আহত ও গ্রেপ্তার হয়েছেন। অনেকের বাড়িঘর, কারখানা ভাঙচুর হয়েছে। তাঁদের প্রতি দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থকে সমবেদনা জানাচ্ছি।’জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বুধবার আওয়ামী গণতন্ত্রের এক অদ্ভুত নমুনা দেখলাম, যেখানে পুলিশ কর্মকর্তা জনগণের নির্বাচিত প্রতিনিধির চেয়ে অনেক বেশি ক্ষমতাবান। এখানে পুলিশ কর্মকর্তা জনগণের নির্বাচিত প্রতিনিধিকে লাথি-ঘুষি, লাঠি দিয়ে পেটাতে পারেন। এই বর্বরোচিত হামলা যখন করা হয়েছে, তখন সংসদ অধিবেশন চলছিল এবং ঘটনাটি ঘটেছে সংসদ এলাকার কাছে। সেই পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে আছেন। তাঁরা টিভিতে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন।’ তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, ধস্তাধস্তির একপর্যায়ে মাটিতে পড়ে ফারুক আহত হয়েছেন, যা একটি হাস্যকর বক্তব্য ছাড়া আর কিছুই নয়। দুঃখজনক হলেও সত্য, স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়টিকে অনুমোদন দিয়েছেন। তাঁর বক্তব্যে এটাই প্রমাণিত হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দুই দিনের হরতালে ছয় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, ৭০০ আহত এবং ভ্রাম্যমাণ আদালতে ১০০ নেতা-কর্মীকে সাজা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রিজভী আহমেদ প্রমুখ।