বিএনপির আন্দোলন প্রস্তুতির বছর
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও এ ধরনের সরকারব্যবস্থার অধীনে নির্বাচন, এটি বিএনপির ২০১২ সালে হঠাৎ তোলা নতুন কোনো দাবি নয়। তবে দলটি সাংগঠনিকভাবে এ বছরকে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতির বছর হিসেবে পালন করেছে। ২০১৩ সালকে বিএনপি চূড়ান্ত আন্দোলনের বছর ধরে রাজনৈতিক কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছে।২০১২ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনটি হরতাল করেছে বিএনপি, এক দিন করেছে রাজপথ অবরোধ। এ ছাড়া এই বছরে ঢাকায় তিনটি জনসভা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চট্টগ্রামের রোডমার্চটি হয়েছে এই বছরের শুরুতে। জনসভা, অবরোধ ও রোডমার্চের মতো কর্মসূচিগুলো সফলতা পেলেও হরতাল পালনে তেমন একটা সফল হতে দেখা যায়নি দলটিকে। তবে বছরের শেষ দিকে ১৮ দলীয় জোটের হরতালটিকে রাজনৈতিক বিবেচনায় সফলই বলা যায়।এ বছর এপ্রিলে বিএনপির আন্দোলন অন্যদিকে মোড় নেয় দলটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী গুমের ঘটনার পর। এর প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি দেয় বিএনপি। ছয়টি হরতাল ও বিক্ষোভ-সমাবেশ, মিছিলের মতো কর্মসূচি পালন করে তারা। ওই সময়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় গত ৩০ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৪ জন নেতার বিরুদ্ধে মামলা করে সরকার। এরপর বেশ কিছুদিন পালিয়ে ছিলেন মির্জা ফখরুলসহ অন্য নেতারা। কিন্তু গ্রেপ্তার এড়াতে পারেননি তাঁরা। প্রায় দেড় মাস কারাগারে থাকেন ফখরুলসহ অন্য নেতারা। ডিসেম্বরে অবরোধ ও হরতালের ঘটনার পর মির্জা ফখরুলের বিরুদ্ধে আবারও মামলা হয়। ১০ ডিসেম্বর তিনি আবারও গ্রেপ্তার হন।বিএনপির মুখপাত্র ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম জানালেন, ‘২০১১ সালের জুনে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর বিএনপি কেবল এই ইস্যুতে আন্দোলন করছে। ২০১২ সাল একটি টার্নিং পয়েন্ট। বিএনপির উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা, দাবির সপক্ষে আনা। বছর শেষে এ কথা বলাই যায়, বিএনপির সেই উদ্দেশ্য সফল হয়েছে।’২০১২ সালে বিএনপির নেতৃত্বাধীন জোটটি সম্প্রসারিত হয়। আগের চারদলীয় জোট পরিণত হয় ১৮ দলীয় জোটে। মানবতাবিরোধী অপরাধের বিচারের ব্যাপারে কৌশলী অবস্থান নিলেও এই বছরের শেষে সরাসরি এর বিপক্ষে অবস্থান নেয় দলটি। যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের হরতালে ‘নৈতিক’ সমর্থন দিয়ে বিষয়টি পরিষ্কার করে দেয় বিএনপি। তা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনুষ্ঠিত রোডমার্চে খালেদা জিয়া এই বিচারকে প্রহসন উল্লেখ করে বন্দীদের মুক্তি দাবি করেন। এ নিয়ে বছরজুড়ে দলটি সমালোচনার মধ্যে ছিল। তানভীর সোহেল