আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের রক্ষা, খালেদা জিয়ার দুই ছেলের মামলা থামিয়ে দেওয়া ও খালেদা জিয়ার বাড়ি রক্ষা করা। তিনি বলেন, বিরোধী দল বলছে রাজনৈতিকভাবে হেয় করার জন্য খালেদা জিয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ বা তত্ত্বাবধায়ক সরকার বিএনপির প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তারেকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলা হয়েছে। যুক্তরাষ্ট্র তো তাদের প্রতিপক্ষ নয়। আজ বুধবার বিএমএ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।মাহবুব উল আলম হানিফ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এক-এগারোর পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা—ডিজিএফআই থেকে তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। হানিফ খন্দকার মাহবুবের উদ্দেশ্যে বলেন, ‘কেন আপনাকে উপদেষ্টার প্রস্তাব দেওয়া হয়েছে? আপনার ওপর কতটা বিশ্বাস থাকলে প্রস্তাব দিতে পারে? সম্পর্ক কতটা গভীর হলে এটা হয়? এ ঘটনার পর মাহবুব হোসেন ডিজিএফআইর দালাল ছিলেন কি না, আর কোনো প্রশ্ন থাকে না।’উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত সোমবার সাংবাদিকদের বলেছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এক-এগারোর পর ডিজিএফআইয়ের দালাল ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মাহবুব হোসেনও তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলোচনা সভায় ডিপ্লোমা চিকিৎসকদের নানা দাবি দাওয়া আদায়ে প্রশাসনিকভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দেন মাহবুব উল আলম হানিফ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি আবদুল্লাহ আল ফরিদ। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান, বিএমএর নেতা কামরুল হাসান প্রমুখ।