যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি যে আপত্তি জানিয়েছে, সরকার তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিবিসিকে বলেন, ‘আমরা যে বিচার করতে যাচ্ছি, তা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বলে হচ্ছে না। আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী করতে যাচ্ছি। অর্থাৎ যে অপরাধগুলো আন্তর্জাতিক আইনে অপরাধ বলে চিহ্নিত এবং যে অপরাধগুলো একটি সহায়ক বাহিনীর সদস্য হয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সংঘটিত করা হয়েছে।’ আইনমন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনালটি নিরপেক্ষ বিচারপতি ও বিচারক দিয়ে করা হয়েছে। আইনজীবীদের যাঁদের এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে, যাঁকে আমরা প্রধান কৌঁসুলি করেছি, তিনি কোনো দল করেন না। তিনি কোনো অবস্থাতেই সরকারি দলের সদস্য নন।’বিএনপি বলেছে, বিচার প্রচলিত আইনেই সম্ভব ছিল। ট্রাইব্যুনাল গঠনের কোনো প্রয়োজন ছিল না। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সহায়ক শক্তি হিসেবে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে। যেমন, তারা দখলদার বাহিনীর হাতে মানুষকে তুলে দিয়েছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে, নারী নির্যাতন করেছে, অগ্নিসংযোগ করেছে, কাউকে দেশছাড়া করতে বাধ্য করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে। এসব অপরাধের বিচার প্রচলিত আইনে হবে না। ১৯৭৩ সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাস করা হয়েছিল এবং আইনটিকে আমাদের সংবিধানে প্রটেকশন দেওয়া হয়েছে, রক্ষিত হয়েছে। যেটা হয়তো দেলোয়ার সাহেব জানেন না। আমি তাঁকে অনুরোধ করব, তিনি যেন আদ্যোপান্ত আইনটি এবং পারিপার্শ্বিকতা ও সংবিধানের বিধানাবলি দেখে মতামত দেন।’বিচার যে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবে তা দেখানোর জন্য সরকার কি কোনো উদ্যোগ নেবে? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি তো বলেছি এখন পর্যন্ত যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তা সম্পূর্ণরূপে রাজনীতিবিবর্জিত। আমরা বারবার বলছি, রাজনৈতিক কারণে কাউকে বিচারের সম্মুখীন করা হচ্ছে না। কাজেই যাঁরা রাজনীতির সঙ্গে এটাকে জড়াতে চাইছেন, তাঁরা দুরভিসন্ধি ও উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছেন।’